অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী
অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আবদুল হান্নান চৌধুরী

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবদুল হান্নান চৌধুরী এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসবিই) ডিন হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি এনএসইউর এক্সটার্নাল রিলেশনসের নির্বাহী পরিচালক, বিবিএ প্রোগ্রামের পরিচালক, সিন্ডিকেট সদস্য ও ক্যারিয়ার সার্ভিসের পরিচালক ছিলেন।

এর আগে আবদুল হান্নান চৌধুরী প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য ও ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩৪ বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে আবদুল হান্নান চৌধুরীর। তিনি কানাডার উইন্ডসর ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, কানাডার ক্যালগারি ইউনিভার্সিটি, বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি চীনের ইউনান নর্মাল ইউনিভার্সিটির স্কুল অব ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্টের খণ্ডকালীন অধ্যাপক ছিলেন।

আবদুল হান্নান চৌধুরী যুক্তরাষ্ট্রের বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং অপারেশনস রিসার্চে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে বিএসসি ও এমএসসি করেন। এ ছাড়া তিনি কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন।

আবদুল হান্নান চৌধুরীর পরিসংখ্যান–সম্পর্কিত ৬৫টির বেশি প্রবন্ধ এবং দুটি বই প্রকাশিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে ৭৫টির বেশি প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি। তিনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।