
মাদ্রাসাশিক্ষার্থীদের বিজ্ঞান ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ ও সৃজনশীল করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাকে আরও কর্মোপযোগী করতে বৃত্তিমূলক কাজে নিয়োজিত পেশাদার ব্যক্তিদের দিয়ে শ্রেণিকক্ষে শেখানোর ব্যবস্থা করা হবে। সারা দেশে কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হয়েছে। দেশের জনগণকে কর্মমুখী করতে বিভিন্ন মেয়াদে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী কারিগরি ও মাদ্রাসা শিক্ষাকে আরও জনপ্রিয় করতে সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাকে ইতিবাচক ও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. কামাল হোসেন। চলতি বছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর সংস্থা পর্যায়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. হাবিবুর রহমান শুদ্ধাচার পুরস্কার লাভ করেন। এ ছাড়া ২য় থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের মধ্যে সাজ্জাদ হোসেন এবং ১০ম থেকে ২০তম গ্রেডে যৌথভাবে মো. ইমতিয়াজ আহমেদ ও রুমা আক্তার শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করেন।