ভিসার মেয়াদ নয়, শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ নির্ধারণ হবে নতুন যে নিয়মে

পাসপোর্টে থাকা শিক্ষার্থী ভিসার মেয়াদ যত দিন, তত দিন যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন—এটি সঠিক ধারণা নয়। বাস্তবে বিষয়টি এমন নয়। এফ-১ শিক্ষার্থী ভিসা মূলত যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চাওয়ার জন্য একটি ভ্রমণ নথি। দেশটিতে প্রবেশের পর একজন শিক্ষার্থী কত দিন বৈধভাবে থাকতে পারবেন, তা নির্ধারণ করে তাঁর অভিবাসন (ইমিগ্রেশন) স্ট্যাটাস।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি দীর্ঘদিনের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা বাতিল করে নতুন নিয়ম চূড়ান্ত করেছে। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে থাকার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।

আগে কী ছিল

এত দিন অধিকাংশ এফ–১ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় নির্দিষ্ট কোনো শেষ তারিখ পেতেন না। তাঁদের ইলেকট্রনিক আই–৯৪ রেকর্ডে ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ উল্লেখ থাকত।

এ জন্য সাধারণত যেসব শর্ত পূরণ করতে হতো, সেগুলো হলো—

– অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি থাকা।

– প্রয়োজন অনুযায়ী পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে পড়াশোনা চালিয়ে যাওয়া।

– অভিবাসন বিধি মেনে চলা।

– কোর্স শেষ হওয়ার পর নির্ধারিত গ্রেস পিরিয়ডের মধ্যে দেশ ত্যাগ, অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর বা ভিসার ধরন পরিবর্তন করা।

নতুন নিয়মে যা বদলেছে

নতুন নিয়ম অনুযায়ী, এফ–১ শিক্ষার্থীদের আর ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ভিত্তিতে অনির্দিষ্ট সময় থাকার অনুমতি দেওয়া হবে না।

এর পরিবর্তে শিক্ষার্থীরা তাঁদের একাডেমিক প্রোগ্রামের সময়কাল অনুযায়ী, সর্বোচ্চ চার বছর পর্যন্ত প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন।

যদি কোনো শিক্ষার্থীর পড়াশোনা শেষ করতে এর চেয়ে বেশি সময় লাগে, তাহলে তাঁকে সরাসরি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার কাছে ‘এক্সটেনশন অব স্টে’-এর আবেদন করতে হবে।

নতুন নিয়মের প্রভাব—

ধরা যাক, একজন শিক্ষার্থী চার বছরের স্নাতক (ব্যাচেলর) প্রোগ্রামে ভর্তি হয়েছেন। তিনি যদি নির্ধারিত সময়ে পড়াশোনা শেষ করেন, তাহলে অতিরিক্ত কোনো আবেদন ছাড়াই গ্রেস পিরিয়ডের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারবেন।

আগে এ ধরনের প্রোগ্রাম সম্প্রসারণের বিষয়টি মূলত বিশ্ববিদ্যালয় ও Student and Exchange Visitor Information System (SEVIS)-এর মাধ্যমে পরিচালিত হতো। নতুন নিয়মে এ দায়িত্ব সরাসরি ফেডারেল সরকারের অধীনে যাচ্ছে।

ভিসার মেয়াদ বদলাবে না—

নতুন নিয়মে এফ–১ ভিসা পাওয়ার যোগ্যতা, প্রক্রিয়া কিংবা পাসপোর্টে উল্লেখ থাকা ভিসার বৈধতার মেয়াদে কোনো পরিবর্তন আসছে না।

কেন এই পরিবর্তন

কর্তৃপক্ষ বলছে, আগের ডি/এস (D/S) ব্যবস্থায় কিছু বিদেশি শিক্ষার্থী ধারাবাহিকভাবে নতুন নতুন প্রোগ্রামে ভর্তি হয়ে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারতেন। নতুন ব্যবস্থায় নির্দিষ্ট সময় পরপর শিক্ষার্থীদের বিষয়ে নিয়মিত সরকারি পর্যালোচনা এবং জালিয়াতি প্রতিরোধ সহজ হবে।

গ্রেস পিরিয়ডেও পরিবর্তন

নতুন নিয়মে কোর্স শেষ হওয়ার পর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত গ্রেস পিরিয়ডও কমানো হয়েছে।

আগে অধিকাংশ এফ–১ শিক্ষার্থী পড়াশোনা শেষ করার পর ৬০ দিন সময় পেতেন যুক্তরাষ্ট্র ছাড়তে, অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর হতে বা অভিবাসন স্ট্যাটাস পরিবর্তন করতে। এখন সেই সময়সীমা কমিয়ে ৩০ দিন করা হয়েছে।