বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষমতায়নের লক্ষ্যে উপকূলের তিন উপজেলায় আয়োজিত হয়ে গেল তিনটি পৃথক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। স্টেম অ্যান্ড আইসিটি স্কিলস ফর দ্য গার্লস অব কোস্টাল এরিয়া শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালাগুলোয় অংশ নেন খুলনার রূপসা, বাগেরহাটের রামপাল ও সাতক্ষীরার তালা উপজেলার মোট ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান, গণিত ও আইসিটি বিষয়ের প্রায় ১৫০ শিক্ষক।
১৪ জানুয়ারি বাগেরহাটের রামপাল উপজেলা দিয়ে শুরু হয় এ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে উপকূলের মেয়েদের অংশগ্রহণ বাড়াতে, তাদের জ্ঞানভিত্তিক সহযোগিতা প্রদানের ক্ষেত্রে শিক্ষকদের অবদান বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত হলো দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালাগুলো। কর্মশালায় বিজ্ঞান, গণিত, প্রোগ্রামিং ও রোবোটিকসের ওপর শিক্ষকদের হাতে–কলমে প্রশিক্ষণ প্রদান করেন রংপুর টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক মো. রেজাউল করিম, বাংলার ম্যাথের সহপ্রতিষ্ঠাতা ও গণিত অলিম্পিয়াডের সাবেক সিনিয়র কনসালট্যান্ট আহমেদ শাহরিয়ার, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের তড়িৎ বিভাগের শিক্ষক মো. তানভীর শেখ ও কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের সফটওয়্যার ডেভেলপার তাওহীদ আহমেদ রেজা প্রমুখ। প্রতিটি কর্মশালায় তিনটি পৃথক সেশনের মাধ্যমে শিক্ষকেরা তাঁদের সংশ্লিষ্ট বিষয়ের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন। সাতক্ষীরার তালা উপজেলার পর ১৬ জানুয়ারি খুলনার রূপসা উপজেলার কর্মশালার মধ্য দিয়ে শেষ হয় এই প্রশিক্ষণ কার্যক্রম।
কর্মশালাগুলোয় সার্বিক সহযোগিতা প্রদান করেন তিনটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এ ছাড়া সেশনের বিভিন্ন পর্যায়ে কর্মশালা পরিদর্শন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তারা। পরিদর্শনের সময় রামপাল উপজেলার শিক্ষা কর্মকর্তা এস এম আনোয়ার-উল কুদ্দুস বলেন, ‘বেসরকারি পর্যায়ে শিক্ষকদের জন্য প্রযুক্তিভিত্তিক এমন কর্মশালা আয়োজিত হলে শিক্ষক ক্ষমতায়নে সরকারের কাজ অনেকটা সহজ হয়ে যায়। ভবিষ্যতে প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষকদের নিয়ে প্রযুক্তিভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে আমাদের।’ দিনব্যাপী বিভিন্ন সেশনের পর শিক্ষকেরা তাঁদের মতবিনিময় পর্বে নিজেদের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘গৎবাঁধা তত্ত্বভিত্তিক প্রশিক্ষণের বাইরে হাতে-কলমে গণিত, বিজ্ঞান কিংবা প্রোগ্রামিংয়ের বাস্তবিক প্রয়োগের মাধ্যমে যে প্রশিক্ষণ প্রদান করা হলো, তা আমাদের শ্রেণিকক্ষে শিক্ষাদানের ক্ষেত্রে অনেক কার্যকরী ভূমিকা রাখবে। দিনব্যাপী এমন আয়োজনের পরিবর্তে একটা লম্বা সময় ধরে এ কর্মশালাগুলো পরিচালিত হলে আমরা আরও বেশি উপকৃত হব।’ গণিত ও বিজ্ঞানকে সমস্যা সমাধানের টুল হিসেবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে পারলে শিক্ষার্থীদের কাছে শিক্ষকদের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করেন সেশনে আসা প্রশিক্ষকেরা।
উল্লেখ্য, আন্তর্জাতিক সংস্থা মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশের তিনটি উপকূলীয় উপজেলা খুলনার রূপসা, বাগেরহাটের রামপাল ও সাতক্ষীরার তালা উপজেলার মোট ছয়টি মাধ্যমিক স্কুলের মেয়েশিক্ষার্থীদের জন্য বিজ্ঞান, প্রোগ্রামিং, রোবোটিকস ও গণিতের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে আসছে প্রকল্পটি। প্রকল্পের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষার্থীদের ভবিষ্যতেও এসব কার্যক্রমের সঙ্গে যুক্ত রাখার লক্ষ্যে স্কুলের শিক্ষকদেরও কার্যক্রমের আওতায় আনতেই এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি