মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ১৭ দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা। জাতীয় প্রেসক্লাব, ২৭ জুলাই
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ১৭ দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা। জাতীয় প্রেসক্লাব, ২৭ জুলাই

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ: কম উপস্থিতি নিয়ে চলছে শিক্ষকদের লাগাতার কর্মসূচি

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের (সরকারিকরণ) দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনকারী শিক্ষকেরা। তবে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী লাগাতার কর্মসূচির ১৭তম দিনে আজ বৃহস্পতিবার কম উপস্থিতি নিয়ে কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা।

আন্দোলনকারী বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ গতকাল বুধবার রাতে প্রথম আলোকে জানিয়েছেলেন, বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশের ঘোষণা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাঁদের কর্মসূচি না করার অনুরোধ জানানো হয়েছিল। তবে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু লাগাতার অবস্থান কর্মসূচি, তাই কর্মসূচি একেবারে বন্ধ না রেখে ৬০ জন শিক্ষকনেতা আজ কর্মসূচি পালন করবেন। আর আগামীকাল শুক্রবার হাইকোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি থাকায় ওই দিন বেলা দুইটা পর্যন্ত একইসংখ্যক শিক্ষকনেতা কর্মসূচিতে থাকবেন। এরপর আবার আগের মতো কর্মসূচি চলবে।

অন্যদিকে আজ ‘সমস্যার’ আশঙ্কা থাকায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের গতকালের মধ্যে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছিলেন, ২৭ জুলাই সমস্যা হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন, সেখানে শিক্ষকদের যাঁরা এখানে বসিয়ে রাখছেন, তাঁদের উদ্দেশ্য ভিন্ন। তাঁরা শিক্ষকদের জিম্মি করে অন্য কোনো কিছুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই অপচেষ্টা বন্ধ করা উচিত।
তবে আন্দোলনকারী শিক্ষকেরা শিক্ষামন্ত্রীর আহ্বানে সাড়া না দিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আজ দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ৬০ জনের বেশি উপস্থিতি দেখা গেছে। তবে তা অন্যান্য দিনের তুলনায় অনেক কম।

বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে ১১ জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা। তাঁরা ঘোষণা দিয়েছেন, অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়া তাঁরা ঘরে ও শ্রেণিকক্ষে যাবেন না।

জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচির ১৬তম দিনে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বক্তৃতাকালে শিক্ষকনেতা শেখ কাওছার আহমেদ শিক্ষামন্ত্রী দীপু মনির উদ্দেশে বলেছিলেন, ‘শান্তিপূর্ণ এ আন্দোলনকে বিভিন্নভাবে কটাক্ষ করে আপনি যেভাবে উসকে দিচ্ছেন, দয়া করে আর কোনো অস্তিত্বে আঘাত না দিয়ে শান্তিপূর্ণ অবস্থান থেকে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। না হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে যাব না।’