
বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘ল ফেস্ট ২০২৬’ ও বিভাগের ৫৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান শেষ হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে ছিল একাডেমিক ও ব্যবহারিক শিক্ষা, গবেষণা উপস্থাপনা, মুট কোর্ট, বিভিন্ন প্রতিযোগিতা, ক্যারিয়ারভিত্তিক কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আইন বিভাগের প্রায় ৫০০ শিক্ষার্থী এতে অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মাহবুবুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথি শফিকুল ইসলাম বলেন, আইন পেশায় সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই। আইন পেশাকে শুধু অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে বিবেচনা করা উচিত নয়। মানুষের প্রতি দায়িত্ববোধ, নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার এ পেশার সঙ্গে গভীরভাবে জড়িত।
উপাচার্য জাহাঙ্গীর আলম বলেন, ‘আইন পেশার মূল লক্ষ্য ন্যায়বিচার নিশ্চিত করা। শিক্ষার্থীদের এমন দক্ষ ও দায়িত্বশীল আইনজীবী হিসেবে গড়ে উঠতে হবে, যাঁরা যথাযথভাবে আইনের প্রয়োগ করতে পারবেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশার জন্য প্রস্তুত হতে ও বাস্তব অভিজ্ঞতা অর্জনে ভূমিকা রাখে।’