
ছাত্রছাত্রীদের রাতে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি–সম্পর্কিত পদক্ষেপ জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। র্যাগ ডে–র নামে বিশৃঙ্খলা রোধে ও ইভটিজিং প্রতিরোধ কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ই–মেইলে জানাতে হবে। গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এসব পদক্ষেপের তথ্য জানাতে চাওয়া হয়েছে। এ নির্দেশনার চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষার আঞ্চলিক পরিচালক ও উপপরিচালককে পাঠানো হয়। বিষয়টি অতীব জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থার সঙ্গে সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত সভার নেওয়া সিদ্ধান্তের আলোকে মাদকের কুফল–সংক্রান্ত প্রচার–প্রচারণা বৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টি ও মাদকবিরোধী থিম সং প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইভটিজিং প্রতিরোধ ও র্যাগ ডে-র নামে বিশৃঙ্খলা রোধে নেওয়া পদক্ষেপগুলোর বাস্তবায়নের অগ্রগতির পাশাপাশি ছাত্রছাত্রীদের রাতে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি–সম্পর্কিত তথ্য ৩০ মার্চের মধ্যে ই-মেইলে //////////(director.mew@gmail.com)///////////////// পাঠানো প্রয়োজন। এমন পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষার আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকের আওতাধীন অঞ্চলের জেলা/উপেজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের নেওয়া পদক্ষেপগুলোর বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনের সারসংক্ষেপ একসঙ্গে কম্পাইল করে উল্লিখিত তারিখের মধ্যে নির্ধারিত ছক মোতাবেক পাঠানোর জন্য বলা হলো।
যেসব তথ্য দিতে হবে-
অঞ্চলের নাম, অঞ্চলের আওতাধীন প্রতিষ্ঠান, প্রতিবেদনের বিষয় বাস্তবায়নকৃত প্রতিষ্ঠানের শতকরা হার, প্রতিবেদনের বিষয় বাস্তবায়ন করতে না পারা প্রতিষ্ঠানের শতকরা হার (যদি থাকে) এবং না পারার কারণ, মন্তব্য।