টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকা এখন পানিবন্দী। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলাগুলোর এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে
টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকা এখন পানিবন্দী।  উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলাগুলোর এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের (মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ) পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার গত বুধবার ও শনিবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

কয়েক দিনের অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে।

মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে। ঘটছে ভূমিধসে প্রাণহানির ঘটনা। এই পরিস্থিতিতে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় জনজীবনে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম অঞ্চলে একের পর এক পাহাড়ধসের ঘটনায় গত বৃহস্পতিবার পর্যন্ত ২৯ জনের মৃত্যুর তথ্য জানা গেছে।