
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জলবদ্ধতা তৈরি হওয়া চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বুধবার থেকে দুই দিন বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে শিক্ষা অধিদপ্তর। গতকাল মঙ্গলবার রাতে আদেশটি প্রকাশ করা হয়েছে।
মাউশির আদেশে বলা হয়েছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যার পানি প্রবেশ করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ওই চার জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ৯ ও ১০ আগস্ট বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জলাবদ্ধতা ও অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীতে গতকাল স্কুল ও কলেজ বন্ধ ছিল। এর সঙ্গে বন্যাদুর্গত চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের হাইস্কুল ও কলেজগুলো আজ বুধবার ও কাল বৃহস্পতিবার বন্ধ রাখার ঘোষণা দিল মাউশি।