
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রাম ২০২৭-এ আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা সম্পূর্ণ অর্থায়নের এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন। বিশ্বের অন্যতম উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটিতে এ প্রোগ্রামে নির্বাচিত গবেষকেরা দুই বছর মেয়াদি পোস্টডক্টরাল ফেলোশিপের সুযোগ পাবেন। হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক গবেষণা পরিবেশে কাজ করার পাশাপাশি বিশ্বজুড়ে খ্যাতিমান গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
ফেলোশিপে প্রতিবছর ৮০ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি গবেষণা পরিচালনার জন্য বছরে অতিরিক্ত ছয় হাজার ডলার গবেষণা অনুদানও পেতে পারেন নির্বাচিত গবেষকেরা। সাধারণত প্রতিবছর পাঁচ থেকে ছয় গবেষককে এই ফেলোশিপ দেওয়া হয়।
বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে ভালো ফল থাকতে হবে। বিদেশি ভাষা, আন্তর্জাতিক ইতিহাস ও বিভিন্ন সংস্কৃতি বিষয়ে দক্ষ আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীর পিএইচডি ডিগ্রি ৩১ জুলাই ২০২৬–এর পর সম্পন্ন হতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ২০২৬ সালের ডিসেম্বরে হার্ভার্ডে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সাক্ষাৎকারের যাতায়াত ও হোটেলের ব্যয় বহন করবে হার্ভার্ড একাডেমি।
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে জীবনবৃত্তান্ত (সিভি), গবেষণা প্রস্তাব, গবেষণাপত্রের নমুনা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও তিনটি সুপারিশপত্র জমা দিতে হবে প্রার্থীদের।
এ প্রোগ্রামে যে যে সুবিধা মেলে—
—নির্বাচিত পোস্টডক্টরাল একাডেমি স্কলাররা বছরে ৮০ হাজার মার্কিন ডলার ভাতা পাবেন।
—পাশাপাশি হার্ভার্ড একাডেমি ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজে দুই বছর গবেষণার সুযোগ থাকবে।
—গবেষণা ও ভ্রমণ ব্যয়ে আর্থিক সহায়তা।
—গবেষণাসংক্রান্ত বিভিন্ন সুবিধা।
—স্বাস্থ্যবিমার সুবিধা।
আবেদনে যা যা প্রয়োজন—
আবেদনের জন্য অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে; সঙ্গে জমা দিতে হবে জীবনবৃত্তান্ত (সিভি বা রিজিউমে), একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গবেষণার আগ্রহ ও পরিকল্পনা নিয়ে স্টেটমেন্ট অব রিসার্চ ইন্টারেস্টস, একটি গবেষণাধর্মী রাইটিং স্যাম্পল ও তিনটি রেকমেন্ডেশন লেটার।
যেভাবে আবেদন করবেন—
হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামে আবেদনের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে যোগ্যতা ও কর্মসূচির বিস্তারিত তথ্য ভালোভাবে পড়ে নিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬।
*বিস্তারিত তথ্য ও আবেদনের পদ্ধতি জানা যাবে হার্ভার্ড একাডেমির ওয়েবসাইটে। সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন।