ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি, নির্বাচিত শিক্ষার্থী মাসে পাবেন ৮,০০০ টাকা

ব্র্যাক মেধাবিকাশ বৃত্তিতে আবেদন চলছে। ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে মেডিকেল শিক্ষার্থীরা এই মেধাবিকাশ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ব্র্যাক মেধাবিকাশ বৃত্তি এবং আমিনুল আলম ট্রাস্ট ফান্ডের অধীনে মেডিকেল কলেজে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়। মেধাবিকাশ বৃত্তির জন্য নির্বাচনপ্রক্রিয়া হবে কয়েকটি ধাপে।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের পথ সুগম করার জন্য ব্র্যাকের নিজস্ব অর্থায়নে এবং ব্র্যাকের সাবেক নির্বাহী পরিচালক (আন্তর্জাতিক) মরহুম মো. আমিনুল আলম স্মরণে ‘আমিনুল আলম ট্রাস্ট ফান্ড’ থেকে মেডিকেল কলেজে (এমবিবিএস) অধ্যয়নরত অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য মেধাবিকাশ বৃত্তি কার্যক্রমের যাত্রা শুরু হয়। ব্র্যাকের এই উদ্যোগের লক্ষ্য হলো সহানুভূতিশীল, সচেতন ও দক্ষ একটি প্রজন্ম গড়ে তোলা, যারা নিজেদের সফলতার মাধ্যমে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে। বিশেষ করে, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আসা মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করা এবং তাঁদের শিক্ষাজীবন সম্পন্ন করার সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

আবেদনের জন্য বিশেষ নির্দেশনাবলি—

শিক্ষাবর্ষ/সেশন: এই বৃত্তি শুধু সেই সব শিক্ষার্থীদের জন্য, যাঁরা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে (Session: 2025-26) মেডিকেল কলেজে (এমবিবিএস) নতুন ভর্তি হয়েছেন।

সঠিক তথ্য প্রদান: আবেদনের প্রতিটি অংশ অত্যন্ত মনোযোগসহকারে পূরণ করতে হবে। বিশেষ করে এসএসসি (SSC) ও এইচএসসি (HSC) পরীক্ষার জিপিএ এবং মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট সঠিকভাবে প্রদান নিশ্চিত করতে হবে।

ডকুমেন্ট স্ক্যানিং: প্রয়োজনীয় সব মূল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং মেডিকেল কলেজের ভর্তি নিশ্চিতকরণ কপির পরিষ্কার স্ক্যান কপি (PDF/JPEG ফরম্যাটে) আপলোড করতে হবে। ঝাপসা বা অস্পষ্ট ছবি আবেদনের অযোগ্য হিসেবে বিবেচিত হবে।

পারিবারিক আয়ের বিবরণ: পরিবারের মাসিক/বার্ষিক আয়ের তথ্য প্রদানের ক্ষেত্রে সত্যতা বজায় রাখতে হবে। প্রয়োজনে পরবর্তী সময়ে এর সাপেক্ষে প্রমাণাদি যাচাই করা হতে পারে।

যোগাযোগের মাধ্যম: ফরমে ব্যবহৃত মোবাইল নম্বর এবং ই–মেইল ঠিকানাটি অবশ্যই সচল থাকতে হবে, যাতে পরবর্তী সময়ে যেকোনো প্রয়োজনে আপনার সঙ্গে যোগাযোগ করা যায়।

সতর্কীকরণ: ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে যেকোনো পর্যায়ে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।

আবেদনের যোগ্যতা—

আবেদনকারী শিক্ষার্থীকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে (এমবিবিএস প্রথম বর্ষ) ভর্তির জন্য নির্বাচিত হতে হবে।

*পরিবারের মাসিক আয় ২০,০০০ টাকার কম হতে হবে।

শিক্ষার্থী নির্বাচনের মানদণ্ড—

ক. এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হতে হবে।

খ. অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আসতে হবে।

গ. সরকারি মেডিকেল কলেজে (এমবিবিএস) ভর্তির জন্য নির্বাচিত হতে হবে।

ঘ. ব্র্যাক কর্মসূচির অন্তর্ভুক্ত সদস্যদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে।

ঙ. ব্র্যাক গ্র্যাজুয়েট ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর (যেমন: শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে পরীক্ষার ফলাফলের শর্ত শিথিলযোগ্য।

বৃত্তির পরিমাণ—

নির্বাচিত শিক্ষার্থীকে এককালীন ২০,০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে। মাসিক ৮,০০০ টাকা হারে বৃত্তি প্রদান করা হবে।

আবেদনপ্রক্রিয়া—

আবেদনের জন্য নিচের লিংকে গিয়ে ফরম পূরণ করুন:

আবেদনের শেষ তারিখ—

১৫ মার্চ, ২০২৬।

বি. দ্র. ভর্তি রসিদ ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না।