প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম, ভর্তির বিস্তারিত জেনে নিন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিভিন্ন স্কুল বা অনুষদের অধীনে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

বিভিন্ন স্কুল ও অনুষদভিত্তিক ভর্তির বিষয়সমূহের মধ্যে স্কুল অব এডুকেশনে শিক্ষাবিজ্ঞান, বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষণ, ইংরেজি ভাষা ও সাহিত্য শিক্ষণ, সামাজিক বিজ্ঞান শিক্ষণ এবং বিজ্ঞান ও গণিত শিক্ষণ।

সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি, ইসলামিক স্টাডিজ, ইতিহাস, দর্শন, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ এবং অর্থনীতি।

ওপেন স্কুলে ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, সমাজবিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা, ইংরেজি, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং উন্মুক্ত ও দূরশিক্ষণ।

স্কুল অব বিজনেসে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ইকোনমিকস, ফাইন্যান্স এবং মার্কেটিং। কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলে কৃষিতত্ত্ব, কীটতত্ত্ব, সেচ ও পানি ব্যবস্থাপনা, অ্যাকুয়াকালচার, পোলট্রি সায়েন্স এবং কৃষি পরিবেশ।

স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বায়ো অ্যাকটিভ ন্যাচারাল প্রোডাক্টস, ডায়েট অ্যান্ড ডিজিস, ফুড সেফটি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সিএসইর অধীন রয়েছে এআই ফর ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্লিকেশনস, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস বা এলএলএম অ্যান্ড জেনারেটিভ এআই এবং ট্রাস্টওয়ার্দি অ্যান্ড রেসপনসিবল এআই।

ভর্তির ন্যূনতম যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছরমেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীগণ বাউবির এমফিল এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমমান থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বরসহ দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ/সিজিপিএ ৫-এর মধ্যে ৩.৫ এবং ৪-এর মধ্যে ৩ পেতে হবে।

স্বাস্থ্য পেশাজীবী প্রার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্যসম্পর্কিত পেশাগত ডিগ্রিতে পাস মার্ক থাকতে হবে। এ ছাড়া এমফিল ডিগ্রিধারী প্রার্থীদের পিএইচডি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য রাখা হয়েছে।

আবেদন ফি

এমফিল প্রোগ্রামের জন্য ১৫০০ টাকা, পিএইচডি প্রোগ্রামের জন্য ২০০০ টাকা আবেদন ফি জনতা ব্যাংক পিএলসির যেকোনো শাখায় জমা দেওয়া যাবে।

আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র

নির্ধারিত আবেদনপত্র আবশ্যিকভাবে কম্পিউটারে কম্পোজ করে জমা দিতে হবে, কোনো অবস্থাতেই হাতে লেখা আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। আবেদনপত্রের সঙ্গে বিশেষ কিছু কাগজপত্র সংযুক্ত করতে হবে। বাউবির নির্দেশনা অনুযায়ী প্রস্তুতকৃত এবং প্রস্তাবিত গবেষণা তত্ত্বাবধায়ক ও সহ-তত্ত্বাবধায়কের (যদি থাকে) স্বাক্ষরসহ এক কপি গবেষণা প্রস্তাব যুক্ত করতে হবে।

সব একাডেমিক নম্বরপত্র ও সনদের সত্যায়িত অনুলিপি, পিয়ার রিভিউড স্বীকৃত গবেষণা জার্নালে প্রকাশিত প্রবন্ধের অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, ব্যাংকে টাকা জমার মূল রসিদ, জীবনবৃত্তান্ত বা সিভি জমা দিতে হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন আহ্বান মেয়াদ ২ নভেম্বর ২০২৬।

গুরুত্বপূর্ণ তারিখ ও যোগাযোগের ঠিকানা

আবেদন প্রেরণের শেষ সময় ২ নভেম্বর ২০২৬। অসম্পূর্ণ কিংবা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। আবেদন পাঠানোর ঠিকানা সংশ্লিষ্ট স্কুলের কার্যালয়ে সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। প্রয়োজনে ০১৭১২৫৫১৫৯৭, ০১৯২৬০০১৭৪৩ নম্বরে যোগাযোগ করা যাবে।

*বিস্তারিত তথ্যের জন্য বাউবির ওয়েবসাইটে ক্লিক করুন