চট্টগ্রাম নগরের ৮ সরকারি কলেজে বেড়েছে ২৩০ আসন

চট্টগ্রাম কলেজ
 ফাইল ছবি

চট্টগ্রাম নগরের ৮ সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ২৩০টি আসন বাড়ানো হয়েছে। এসব কলেজে মোট আসন দাঁড়িয়েছে ৩ হাজার ৪১৫টি। এ নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কলেজগুলোতে তিন হাজার আসন বাড়ানো হয়েছে।

আগামীকাল শনিবার একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। একজন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদনে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজের নাম দিতে পারবে।

আসন বৃদ্ধির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক জাহেদুল হক। তিনি বলেন, এবার চট্টগ্রাম নগরের ৮টি সরকারি কলেজের মধ্যে ৬টিতে বিজ্ঞান শাখায় ১১৫টি, ৩টি কলেজে মানবিক শাখায় ৭৫টি ও দুটি কলেজে ব্যবসায় শিক্ষা শাখায় ৪০টি আসন বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।

বোর্ড সূত্র জানায়, বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ২৭৮টি কলেজ রয়েছে। এসব কলেজে ১ লাখ ৫৭ হাজার ১৬৩টি আসন রয়েছে। এর মধ্যে মানবিকে ৬২ হাজার ৯৩৯টি, ব্যবসায় শিক্ষা শাখায় ৬০ হাজার ৭২২টি এবং বিজ্ঞান শাখায় ৩৩ হাজার ৫০২টি আসন রয়েছে। কলেজগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে এবার তিন হাজার আসন বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম বোর্ড থেকে এবার ১ লাখ ৪৪ হাজার ৫৫০ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন।