সৃজনশীল প্রশ্ন
মাগো, ওরা বলে/ সবার কথা কেড়ে নেবে/ তোমার কোলে শুয়ে/ গল্প শুনতে দেবে না/ বলো, মা,/ তাই কি হয়?
ক. সর্বদলীয় কর্মপরিষদ গঠিত হয় কবে?
খ. কীভাবে পাকিস্তানি শাসকেরা বাংলা ভাষার মর্যাদা ক্ষুণ্ন করেছিল?
গ. উদ্দীপকের ‘ওরা’ দ্বারা ‘অমর একুশে’ প্রবন্ধের কাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে—বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের সন্তানের আকুতিতে ‘অমর একুশে’ প্রবন্ধের ছাত্র-সমাজের সংগ্রামী চেতনাই রূপায়িত হয়েছে—উক্তিটির যথার্থতা প্রমাণ করো।
উত্তর
ক. ‘সর্বদলীয় সংগ্রাম পরিষদ’ গঠিত হয় ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি।
খ. ১৯৪৮ সালের ২১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যান ও কার্জন হলে মোহাম্মদ আলী জিন্নাহ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।’ তারপর ১৯৫২ সালের ২৬ জানুয়ারি মুসলিম লীগের অধিবেশনে খাজা নাজিমউদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। এভাবেই পাকিস্তানি তৎকালীন শাসকেরা বাংলা ভাষার মর্যাদা ক্ষুণ্ন করেছিল।
গ. উদ্দীপকে ‘ওরা’ বলতে অমর একুশে প্রবন্ধের তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীকে ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে ছেলে তার মায়ের কাছে উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে পাকিস্তানি শাসকগোষ্ঠীর অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদ করেছে।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্ভট একটি সিদ্ধান্ত। ছেলে তার মায়ের কাছে এই বলে প্রতিজ্ঞা করে যে যারা তার মায়ের ভাষা কেড়ে নিতে চায়, মায়ের কাছে গল্প শোনার সুখ থেকে বঞ্চিত করতে চায়, তাদের সে প্রতিহত করবেই। বাংলা ভাষাভাষীদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তারা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। গুলি চালিয়ে, হত্যাযজ্ঞ চালিয়ে, নানাভাবে বাঙালিকে দমিয়ে রাখতে চেয়েছিল। উদ্দীপকের খোকার মতো হাজার হাজার ছাত্র-জনতা এই ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মাতৃভাষাকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করে।
সুতরাং বলা যায়, উদ্দীপকের ‘ওরা’ অমর একুশে প্রবন্ধে বর্ণিত পাকিস্তানি শাসকগোষ্ঠীকেই ইঙ্গিত করে।
ঘ. উদ্দীপকের সন্তানের আকুতিতে ‘অমর একুশে’ প্রবন্ধের ছাত্রসমাজের সংগ্রামী চেতনাই ফুটে উঠেছে।
উদ্দীপকে দেখা যাচ্ছে, মায়ের ভাষাকে শাসকশ্রেণি কেড়ে নিতে চাইছে, মায়ের মধুর ভাষায় আর গল্প শোনা যাবে না, এ জন্য ছেলেটি উদ্বিগ্ন। তাই যারা মায়ের ভাষাকে কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে সে সোচ্চার। মায়ের ভাষাকে রক্ষা করতে সে তীব্র অঙ্গীকারবদ্ধ।
‘অমর একুশে’ প্রবন্ধে সংক্ষিপ্ত পরিসরে ভাষা আন্দোলনের ইতিহাস অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। ১৯৫২ সালের ২৬ জানুয়ারি যখন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে, তখন বাঙালি ছাত্রসমাজ প্রতিবাদে ফেটে পড়ে। ২১ ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা সাফল্যের সঙ্গে ধর্মঘট পালন করেন। ‘বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ’ কতৃর্ক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জীবনের ঝুঁকি নিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে আসে। শহিদ হন শফিক, জব্বার, আবুল বরকত। ২২ ফেব্রুয়ারি শহিদ হন শফিক। বাংলা ভাষার প্রতি ছিল তাঁদের অকৃত্রিম ভালোবাসা। এ জন্য মায়ের মুখের এই ভাষাকে প্রতিষ্ঠিত করতে নিজেদের বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন।
আমিনুল ইসলাম, শিক্ষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা