পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১ : বর্ণনামূলক প্রশ্ন (৩-৪)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৩. প্রশ্ন: জীব কীভাবে বায়ুর ওপর নির্ভরশীল, তা ব্যাখ্যা করো।

উত্তর: জীব বায়ুর ওপর নির্ভরশীল। বায়ু ছাড়া প্রাণী একমুহূর্ত বাঁচতে পারে না। উদ্ভিদও বায়ু ছাড়া বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুর কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। প্রাণী শ্বাস-প্রশ্বাসের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং বেঁচে থাকে। পানির জীবও পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে।

সুতরাং, বায়ু ছাড়া উদ্ভিদ ও জীব বাঁচতে পারে না। তাই বলা যায়, বায়ুর ওপর জীব নির্ভরশীল।

৪. প্রশ্ন: উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ, তা ব্যাখ্যা করো।

উত্তর: মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণে প্রাণীর ওপর নির্ভরশীল। পুষ্টি উপাদানের জন্যও উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল। প্রাণীর মৃতদেহ প্রাকৃতিক সারে পরিণত হয়। এই সার পুষ্টি হিসেবে গ্রহণ করে উদ্ভিদ বেড়ে ওঠে। পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়, এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায়। বীজের বিস্তার নতুন নতুন উদ্ভিদ-আবাস গড়ে তুলতে সাহায্য করে। এ কারণে উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ গুরুত্বপূর্ণ।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা