‘লেট ইনফিনিটি বি ইওর লিমিট’ (Let Infinity Be Your Limit): এই স্লোগানকে ধারণ করে রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় সফলভাবে সম্পন্ন হলো দেশের অন্যতম বৃহৎ গণিত উৎসব ‘৮ম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৬’। যোসেফাইট ম্যাথ ক্লাবের (জেএমসি) আয়োজনে গত ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই মেগা ইভেন্টে রাজধানীসহ দেশের শীর্ষস্থানীয় নানা শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো খুদে গণিতপ্রেমী শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ উৎসবে একাডেমিক পার্টনার হিসেবে ছিল প্রথম আলো গণিত ইশকুল ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড (BdMO)।
শ্বাসরুদ্ধকর ইভেন্ট ও বৈচিত্র্যময় প্রতিযোগিতা
তিন দিনব্যাপী এই উৎসবে অফলাইনে মোট ১৫টি আকর্ষণীয় সেগমেন্টসহ সর্বমোট ২২টি ভিন্নধর্মী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একক প্রতিযোগিতার মধ্যে ছিল ফাইন্ড-বেসড ও প্রুফ-বেসড ম্যাথ অলিম্পিয়াড, আইকিউ টেস্ট, হিউম্যান ক্যালকুলেটর, জেনেসিস, জ্যামিতি ড্যাশ, প্রবাবিলিটি প্রেশার, ক্র্যাক দ্য কোড, সুডোকু, রুবিকস কিউব শোডাউন, ৫ মিনিট প্রফেসর এবং ক্যালকুলাস বি।
প্রথাগত গণিত চর্চার বাইরে গিয়ে শিক্ষার্থীদের দলগত উদ্দীপনা বাড়াতে আয়োজন করা হয় 'এসকেপ রুম', 'টিক-ট্যাক-টো', এবং রোমাঞ্চকর 'ট্রেজার হান্ট'। পাশাপাশি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক দক্ষতা ও চিত্রায়ন ফুটিয়ে তুলতে ছিল দেয়ালিকা প্রদর্শনী (ওয়াল ম্যাগাজিন)।
এবারের উৎসবের অন্যতম বড় আকর্ষণ ছিল, ‘ম্যাথ অলিম্পিয়াড’ সেগমেন্টের বিজয়ীরা সরাসরি বাংলাদেশ গণিত উৎসবের ‘আঞ্চলিক’ (Regional) পর্যায়ে অংশগ্রহণের সুবর্ণ সুযোগ লাভ করেছে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
উৎসবের শেষ দিন, ২৬ সেপ্টেম্বর এক বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নেমে আসে এই আয়োজনের। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও বক্তাগণ শিক্ষার্থীদের গণিত চর্চা, সমস্যা সমাধানের দক্ষতা (problem-solving) এবং আধুনিক শিক্ষাব্যবস্থার গুরুত্ব নিয়ে তাদের দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
ড. ব্রাদার লিও জেমস পেরেরা, সিএসসি (অধ্যক্ষ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল)
ব্রাদার নিপু রোজারিও, সিএসসি
অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ স্যার (অধ্যাপক, সিএসই বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়)
অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার স্যার (ডিন, স্কুল অব ডাটা অ্যান্ড সায়েন্সেস, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কোচ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড),
দীপক কুমার সরকার (মডারেটর, যোসেফাইট ম্যাথ ক্লাব)।
তাওহীদ বিন ওমর (সভাপতি, যোসেফাইট ম্যাথ ক্লাব ২০২৬-২০২৭)
বক্তারা শিক্ষার্থীদের গণিতকে ভয় না পেয়ে দৈনন্দিন জীবনের জটিল সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। তারা বলেন, গণিত কেবল শ্রেণিকক্ষের সিলেবাসে সীমাবদ্ধ নয়, বরং চিন্তাশক্তি ও যুক্তি বিকাশের অন্যতম প্রধান মাধ্যম।