
২০২৫–২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ২৩ এপ্রিলের মধ্যে ভর্তি ও টিউশন ফির প্রথম কিস্তি—মোট নির্ধারিত ফির ৬০ শতাংশ পরিশোধ করতে হবে। আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দ্বিতীয় দফায় ঐচ্ছিক মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম ১৬ এপ্রিল শেষ হয়েছে। এখন শিক্ষার্থীদের সরকার নির্ধারিত ভর্তি ও টিউশন ফির প্রথম কিস্তি সম্পূর্ণ পরিশোধসহ কলেজে ভর্তিসংক্রান্ত সব কার্যক্রম ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা একটার মধ্যে সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই দিন বিকেল চারটার মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের ভর্তিকৃত ও অভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা ও শূন্য আসনের সংখ্যা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)–এর কাছে ই–মেইলে পাঠাতে হবে।
এ ছাড়া তৃতীয় দফার মাইগ্রেশনে যেসব শিক্ষার্থীর কলেজ পরিবর্তন হবে, তাঁদের জমাকৃত অর্থ ও ভর্তিসংক্রান্ত কাগজপত্র সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে নতুন কলেজে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।