দুবাইয়ে বাংলাদেশ এডুকেশন ফোরাম অনুষ্ঠিত

দুবাইয়ের ক্রাউন প্লাজায় বাংলাদেশ এডুকেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ১৪ অক্টোবর
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রাউন প্লাজায় ১৪-১৫ অক্টোবর বাংলাদেশ এডুকেশন ফোরাম, ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, উপাচার্য, সহ-উপাচার্যসহ পদস্থ কর্মকর্তারা অংশ নেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এ সম্মেলনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ইশতিয়াক আবেদীনের নেতৃত্বে এআইইউবির প্রতিনিধিদলে ছিলেন ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য হাসানুল এ হাসান, কারমেন জিটা লামাগনা ও শানিয়া মাহিয়া আবেদীন, প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আবু মিয়া আকন্দ তুহিন।

সম্মেলনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য বিশ্বজিৎ চন্দ, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান ও আচার্য আবু বকর হানিফ, দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, উপাচার্য, সহ-উপাচার্যসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত আবু জাফর বলেন, আমিরাতে ২৩ হাজার বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন, যাঁরা বাংলাদেশি দুটি স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত। তাঁরা এই আয়োজন থেকে বাংলাদেশ ও আমিরাতের পড়ালেখা ও খরচের বিষয়ে জানার সুযোগ পাবেন।

এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন বলেন, ‘আমিরাত থেকে যেসব শিক্ষার্থী এআইইউবিতে ভর্তি হবে, তাদের বৃত্তি প্রদান করা হবে। আমরা উদ্ভাবন, বৈজ্ঞানিক উন্নয়ন, প্রযুক্তি এবং শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা বিনিময় কর্মসূচিতে আরও সহযোগিতার জন্য আমিরাতভিত্তিক বিশ্ববিদ্যালয় এবং কর্তৃপক্ষের সঙ্গে অংশীদারত্ব প্রসারিত করতে আগ্রহী।’

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে বেশ কয়েকটি প্যানেলে আলোচনা, তথ্য সেশন, উপস্থাপনা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আমিরাতের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এসব আয়োজনে অংশ নেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এআইইউবি এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এপিইউবি) সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুবাইয়ের প্যান এশিয়ান গ্রুপের উদ্যোগে এবং স্পাইরাল ওয়ার্ল্ডের (বিডি) তত্ত্বাবধানে এ সম্মেলন আয়োজন করা হয়।