
আজ সকালে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। লিখেছেন, ‘আমরা এখন সিডনি...বন্ধুরা, সবাই শো দেখতে আসবেন...১৬ জুলাই।’
পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া ছবি বলছে, অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, শাহনাজ খুশি, নাট্যকার বৃন্দাবন দাশ ও বাউল শিল্পী শফি মণ্ডলের সঙ্গে দুই শিশু শিল্পী আছে অস্ট্রেলিয়ার সিডনিতে। ১৬ জুলাই সিডনির রকডেল টাউন হল মিলনায়তনে তাঁদের নিয়ে আয়োজন করা হয়েছে একটি অনুষ্ঠানের। ‘ড্রামা অ্যান্ড মিউজিক্যাল নাইট’ শিরোনামের এ অনুষ্ঠান শুরু হবে এদিন সন্ধ্যা ছয়টায়। এতে মঞ্চস্থ হবে বৃন্দাবন দাশের রচনা ও নির্দেশনায় নাটক ‘হোয়াইট হ্যাভেন’। এতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু ও শাহনাজ খুশি। গাইবেন বাউল শফি মণ্ডল। দর্শনীর বিনিময়ে এই আয়োজন করেছে সিডনির প্রতিবিম্ব নামে একটি সংগঠন।
ফেসবুক পোস্টের মাধ্যমে এই আমন্ত্রণই জানিয়েছেন চঞ্চল চৌধুরী।