আজ শুরু হচ্ছে ‘বিশ্বনাটকের যূথ উৎসব’। প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে এই উৎসবের আয়োজন করেছে মহাকাল নাট্য সম্প্রদায়। উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের ২৯টি নাট্যদল এবং ভারতের বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের ছয়টি নাট্যদল। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা, পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল এবং ছায়ানট মিলনায়তনে।
মহাকাল নাট্য সম্প্রদায়ের মীর জাহিদ হাসান বলেন, ‘৩০ বছর পূর্তি উপলক্ষে আমরা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছি। তারই অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করছি।’
বিশ্বনাটকের যূথ উৎসব উদ্বোধন করা হবে আজ সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালার মূল হলে।