বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত দুই দিনব্যাপী ‘জহির রায়হান চলচ্চিত্র উত্সব’ শুরু হচ্ছে আজ শুক্রবার। জহির রায়হানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন শুরু হবে সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।
উৎসবে প্রথম দিন দেখানো হবে জহির রায়হানের দ্য স্টেট ইজ বর্ন, তৌকীর আহমেদের অজ্ঞাতনামা, কামার আহমাদ সাইমনের একটি সূতার জবানবন্দী ও তানভীর মোকাম্মেলের জীবনঢুলী ছবিগুলো। দ্বিতীয় দিন শনিবার দেখানো হবে প্রজন্ম টকিজের পুনরাবৃত্তি ও উপসংহার এবং জাহিদুর রহিম অঞ্জনের মেঘমল্লার। উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। অতিথি থাকবেন জহির রায়হানের ছেলে অনল রায়হান, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন ও উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ড. সফিউদ্দীন আহমেদ।