‘বাংলাদেশের চমৎকার সব দৃশ্য থেকে আপনার পছন্দের ছবিটি বেছে নিন’ কথাগুলো লেখা আছে ধানমন্ডির গ্যালারি দৃকের প্রবেশপথে। কপাট ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ে: শিশিরভেজা সবুজ ধানের শিষে লাল ফড়িং; নারকেল গাছ শোভিত রাস্তায় একলা পথিক, রাস্তার দুই পাশে সোনালি ধানখেত, দিগন্তে সবুজ গাছপালার ফাঁকে ছোট্ট বাড়ি; সবুজ পাহাড়ঘেরা কাপ্তাই হ্রদে ছোট্ট সাম্পানে আদিবাসী নারী; ধ্বংসপ্রায় ঐতিহ্যবাহী স্থাপনার গায়ে বটগাছ; সুন্দরবনের সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা, মাশরুম; পর্যটকবহুল সেন্ট মার্টিন আর কক্সবাজার; প্রায় জনশূন্য কটকা—বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এমনি প্রায় অর্ধশত আলোকচিত্র। এসব ছবির পাঁচ দিনব্যাপী প্রদর্শনী শেষ হলো গতকাল শনিবার। দৃশ্যগুলো ক্যামেরাবন্দী করেছেন শৌখিন আলোকচিত্রী মোহাম্মদ আবদুল্লাহ।