আসছে 'নায়ক' ছবির গান

‘নায়ক’ ছবির দৃশ্য
‘নায়ক’ ছবির দৃশ্য

১৬ সেপ্টেম্বর ইউটিউবে অবমুক্ত হচ্ছে ‘নায়ক’ ছবির প্রথম গান। ‘এলোমেলো’ শিরোনামের রোমান্টিক ধাঁচের এই গানে দেখা যাবে বাপ্পী চৌধুরী ও নবাগত নায়িকা অধরা খানকে। ‘ভালোবাসি তাই এলোমেলো হয়ে যাই’ এমন কথার গানটি লিখেছেন মিজানুর রহমান লাবু, সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান। 

জাদুর কাঠি মিডিয়ার ব্যানারে নির্মিত ‘নায়ক’ ছবির পরিচালক ইস্পাহানি আরিফ জাহান। জানা গেছে, এ বছরের গোড়াতে এই ছবির কাজ শুরু হয়। পরিচালক ইস্পাহানি আরিফ জাহান বলেন, ‘ইতিমধ্যেই ছবির কাজ শেষ করেছি। আগামী সপ্তাহে ছবিটি সেন্সরে দেওয়া হবে। ছাড়পত্র পেলে অক্টোবরেই ছবি মুক্তির চিন্তাভাবনা রয়েছে।’

পরিচালক আরও জানান, এই ছবিতে চারটি গান রয়েছে। এর মধ্যে একটি গান গেয়েছেন মিনার। তিনি বলেন, ছবির এই গানটি বড় চমক। তাই মিনারের গানটি নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে।

‘নায়ক’ ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, রেবেকা, শিমুল খান, আঞ্জুমান আরা বকুল প্রমুখ।