
পরিচালক হিসেবে তাঁর প্রতিভায় মুগ্ধ তামাম দুনিয়া। কুয়েনটিন ট্যারেন্টিনো যে অল্পস্বল্প অভিনয়েও পারদর্শী, সেটাও এত দিনে জানা হয়ে গেছে তাঁর ভক্তদের। কিন্তু উপস্থাপক হিসেবে পাল্প ফিকশন বা কিলবিল-এর মতো দুনিয়া কাঁপানো ছবির নির্মাতা কেমন? সেটা দেখারই সুযোগ হতে চলেছে এবারের কান চলচ্চিত্র উৎসবে। স্প্যাগেটি ওয়েস্টার্ন নামের বিশেষ ঘরানার ছবির ৫০ বছর পূর্তি হতে চলেছে এ বছর। সে উপলক্ষেই কান উৎসবে হতে চলেছে সের্গিও লিওনের কালজয়ী ছবি ফিস্টফুল অব ডলারস-এর বিশেষ প্রদর্শনী। ক্লিন্ট ইস্টউড অভিনীত এই ছবির প্রদর্শনীর উপস্থাপনাই করবেন ট্যারেন্টিনো। কারণ, সম্ভবত ট্যারেন্টিনো নিজেই এই ঘরানার ছবির বিশেষ ভক্ত। দেখা যাক, উপস্থাপক হিসেবে কেমন করেন এই নন্দিত নির্মাতা।