এই ঈদেও পাঁচ পোশাক?

তানজিন তিশা
তানজিন তিশা

ঈদুল আজহায় সাধারণত নতুন পোশাক কেনা হয় না। এই ঈদেও নিজের জন্য ১টি নতুন জামা কিনেছেন মডেল তানজিন তিশা, উপহার পেয়েছেন আরও চারটি। এই ঈদে কেন নতুন জামা? সে কথা জানালেন তিনি।

আজ বুধবার দুপুরে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর তিশা জানালেন, কাজ নিয়ে ভীষণ ব্যস্ত সময় কেটেছে তাঁর। আগের মতো পরিকল্পনা করে কেনাকাটা করতে যাওয়ার সুযোগ পান না। গত দুই ঈদে নিজের জন্য তেমন কিছু কিনতে পারেননি তিনি। গতকাল মঙ্গলবার রাতে তাই নিজের জন্য একটি জামা কিনেছেন এই মডেল ও অভিনয়শিল্পী।

ঈদে ইউটিউবে প্রকাশিত একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তানজিন তিশা। ইমরান মাহমুদুলের গাওয়া ‘আমার এ মন’ গানটিতে ইমরানের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ভারতের জম্বু-কাশ্মীর রাজ্যের লাদাখে দৃশ্যায়িত এ গানের ভিডিওটি দারুণ প্রশংসা কুড়াচ্ছে গানচিলের ইউটিউব চ্যানেলে। এ গানেও চারটি পোশাক বদল করতে হয়েছে তিশাকে। সেখানকার অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে তিশা বলেন, ‘সেখানে যখন পৌঁছাই, গায়ে অনেক জ্বর ছিল। পৌঁছানোর পর জ্বর গেল বেড়ে। এত সুন্দর একটা জায়গায় গেলাম, অথচ বিছানা থেকে উঠতেই পারছিলাম না। পরে উচ্চশক্তির অ্যান্টিবায়োটিক নিয়ে শুটিং করতে হয়েছে।’

জম্বু-কাশ্মীরের লাদাখে তিশা

গত সোমবার রাতে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘আমার এ মন’ গানটি। আজ বুধবার দুপুর পর্যন্ত গানটি দেখা হয়েছে ৩ লাখ ৭৯ হাজারবারের বেশি। তিশা মনে করেন, এ গানের জন্য যথেষ্ট শ্রম দিতে হয়েছে সবাইকে। এ জন্যই ভিডিওটি সবার ভালো লেগেছে। তিনি বলেন, ‘ইমরানের সঙ্গে অনেক দিন পর একটা কাজ করলাম। গানটা থেকে অনেক রেসপন্স পাচ্ছি, ভালো লাগছে।’

ঈদের পরিকল্পনা কী? কোথায় কোথায় যাবেন? তিশা জানান, বাসায় থাকবেন। এ সময়টা নিজের ঘরে থাকতেই বেশি ভালো লাগছে তাঁর। ঈদের জন্য যে কয়টা নাটকে কাজ করেছেন, সেগুলো থেকে কতটা সাড়া পান, সেটাই দেখতে চান। এই অভিনয়শিল্পী বলেন, ‘কাজটাই এখন আমার ঈদ। কাজের রেসপন্স বেশি পেলে ঈদের আনন্দ বেশি, রেসপন্স কম পেলে ঈদের আনন্দ কম।’