
অনেকদিন ধরে ক্যামেরা থেকে দূরে আছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। সন্তান আর পরিবার নিয়ে ছিল তাঁর যত ব্যস্ততা। পারিবারিক ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে নতুন একটি অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নিলেন পূর্ণিমা। নাম লাক্স স্টাইল ওয়াচ। এই অনুষ্ঠানটি এক সঙ্গে আঠারো চ্যানেলে একই সময়ে প্রচার করা হবে বলে জানানো হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নেন পূর্ণিমা। আর এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন পূর্ণিমা।
প্রথম আলোর সঙ্গে আলাপে পূর্ণিমা বলেন, ‘এটা লাইফস্টাইল নিয়ে অনুষ্ঠান। শুনেছি, গত বছরও একই অনুষ্ঠান হয়েছিল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির প্ল্যানিং তানিয়া আপুর (তানিয়া আহমেদ)। তাঁর অনুরোধ রাখতেই অনুষ্ঠানে অংশ নিলাম। তবে শুটিং শেষে মনে হয়েছে, অনুরোধ রক্ষা করে ভুল করিনি। ভালো গেছে।’
অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ানোর পর কেমন লেগেছে জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘কিছুটা নার্ভাস ছিলাম। শুরুর দিকে কি বলব, না বলব বুঝে উঠতে পারছিলাম না। টেনশনে ছিলাম। তা ছাড়া মা হওয়ার পর আমি একটু মুটিয়েও গিয়েছিলাম। এটা নিয়েও একটা চিন্তা ছিল। সব মিলিয়ে কিছুক্ষণ যাওয়ার পর পুরো ব্যাপারগুলো সামলে আনন্দ নিয়ে অনুষ্ঠান শেষ করতে পেরেছি। খুব ভালো লেগেছে। অনুষ্ঠানের কয়েকটি ছবি আমি ফেসবুকে আপলোড করি। এসব ছবি দেখে অনেকে ভেবেছে, আমি আবার পুরোদমে কাজ শুরু করেছি।’
আসলে কী ফিরছেন না? ‘ওই রকম কিছু না। আমি হয়তো কোরবানির ঈদে দু-একটা কাজ করতে পারি। সবাই তো চাচ্ছে এখনই কাজ করি। কিন্তু এখন কাজ করাটা আমার পক্ষে মোটেও সম্ভব না।’ বললেন পূর্ণিমা।
এই ঈদে আর কোনো টিভি অনুষ্ঠানে অংশ নেওয়ার কোনো ইচ্ছে আছে কি না জানতে চাইলে পূর্ণিমা বললেন, ‘প্রস্তাব আছে। তবে এখনো সিদ্ধান্ত নিইনি। সেটে না যাওয়া পর্যন্ত বলাটা মুশকিল। তাই আগাম কিছু বলতে চাচ্ছি না।’
তানিয়া আহমেদের গ্রন্থনা ও পরিকল্পনায় লাক্স স্টাইল ওয়াচ অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করছেন সোনিয়া ও টয়া। ১৯৫২ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত লাক্স স্টাইল ওয়াচ অনুষ্ঠানটি এক সঙ্গে আঠারোটি চ্যানেলে একই সময়ে প্রচার করা হবে বলে জানানো হয়েছে। ১৬ রমজান থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে ৩০ রমজান পর্যন্ত।
বিরতির আগে পূর্ণিমা একটি টেলিছবিতে অভিনয় করেছিলেন। নুজহাত আলভী আহমেদ পরিচালিত এই টেলিছবিতে পূর্ণিমার সহশিল্পী ছিলেন সজল।