‘টাইটানিক’খ্যাত অস্কার জয়ী ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট তৃতীয়বারের মতো গাঁটছড়া বাঁধলেন। সম্প্রতি এক খবরে হাফিংটনপোস্ট জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে প্রেমিক নেড রকনরোলের সঙ্গে চুপিসারেই বিয়ের কাজটি সেরেছেন ৩৭ বছর বয়সী এ তারকা। এমনকি বিয়ের বিষয়টি তাঁর বাবা-মাও জানতেন না। ধনাঢ্য ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসনের ভাতিজা নেডের সঙ্গে এক বছরের কিছু বেশি সময় প্রেমের পর সম্পর্ককে স্থায়ী রূপ দিলেন কেট। বিষয়টির সত্যতা নিশ্চিত করে তাঁর মুখপাত্র জানিয়েছেন, ‘এ মাসের শুরুর দিকে নিউইয়র্কে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কেট এবং নেডের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেটের দুই সন্তান, হাতেগোনা কয়েকজন বন্ধু এবং পরিবারের সদস্য। এর আগে গত গ্রীষ্মে কেট এবং নেড বাগদান সেরেছিলেন।’ প্রসঙ্গত, চুপিসারে বিয়ের অভিজ্ঞতা কেটের জন্য মোটেও নতুন নয়। ২০০৩ সালে নির্মাতা স্যাম মেন্ডেজকে তিনি এভাবেই বিয়ে করেছিলেন। সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেটের মেয়ে মিয়া এবং মাত্র তিনজন বন্ধু। সাত বছর সংসার করার পর ২০১০ সালে স্যামের সঙ্গে কেটের বিচ্ছেদ হয়ে যায়। এর আগে ১৯৯৮ সালে নির্মাতা জিম থ্রেপলটনকে প্রথম বিয়ে করেছিলেন কেট। তাঁদের সংসার টিকেছিল মাত্র তিন বছর। কেটের মতো নেডও এর আগে একবার বিয়ে করেছিলেন। স্ত্রী এলিজা কাউড্রের সঙ্গে বিচ্ছেদের পরই কেটের সঙ্গে সম্পর্কে জড়ান নেড।