
বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণ এবং বাংলা সিনেমাকে চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সংগঠনটি ১৯টি আসর সাফল্যের সঙ্গে শেষ করেছে। তবে গত বছর করোনা মহামারির কারণে আয়োজনটি স্থগিত ছিল। ২২ ফেব্রুয়ারি থেকে চলছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৮’। দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদি ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং ১টি প্রামাণ্যচিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে উৎসবের ২০তম আসর।
আজ উৎসবের চতুর্থ দিনে প্রদর্শিত হচ্ছে ‘ধীরে বহে মেঘনা’, ‘আলোর মিছিল’, ‘গণ্ডি’ ও ‘নোনা জলের কাব্য’। গতকাল তৃতীয় দিনে উপস্থিত ছিলেন ‘রাত জাগা ফুল’-এর পরিচালক মীর সাব্বির ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। তাঁরা দর্শকের সঙ্গে তাঁদের চলচ্চিত্র নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।
পাঁচ দিনব্যাপী এ আয়োজনের শেষ দিন কাল শনিবার। কাল বেলা সাড়ে তিনটায় উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন স্মরণে অনুষ্ঠিত হবে ‘হীরালাল সেন পদক’ প্রদান এবং সমাপনী অনুষ্ঠান।
এবারের আসরে হীরালাল সেন পদকের জন্য মনোনীত চলচ্চিত্রগুলো হলো ‘নোনা জলের কাব্য’, ‘রাত জাগা ফুল’, ‘রেহানা মরিয়ম নূর’, ‘চন্দ্রাবতী কথা’ ও ‘লাল মোরগের ঝুঁটি’। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব, চলচ্চিত্র পরিচালক ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহারসহ চলচ্চিত্রের কলাকুশলীরা।
কাল উৎসবের শেষ দিন সকাল ১০টায় প্রদর্শিত হবে বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ‘চরাচর’। দুপুর ১২টায় আবার দেখানো হবে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’।
বেলা ২টায় হুমায়রা বিলকিস পরিচালিত প্রামাণ্যচিত্র ‘বাগানিয়া’ এবং বেলা ৩টা ৩০ মিনিটে সোহেল মোহাম্মদ পরিচালিত ‘মুজিব আমার পিতা’ ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ দেখানো হবে। প্রসঙ্গত, ‘রেহানা মরিয়ম নূর’ উৎসবের উদ্বোধনী দিনেও প্রদর্শিত হয়। দর্শকের অনুরোধে আবার প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন আয়োজকেরা।
উৎসবকে কেন্দ্র করে টিএসসিতে বরাবরের মতোই রয়েছে দর্শকদের উপচে পড়া ভিড়। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সহতথ্য ও যোগাযোগ সম্পাদক রিফাত শাহরিয়ার বলেন, ‘করোনা মহামারির কারণে আমরা গত বছর উৎসবটির আয়োজন করতে পারিনি। এ বছর প্রশাসনের অনুমতি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে উৎসবটি আয়োজিত হচ্ছে। বরাবরের মতো এই বছরও দর্শকের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ৫০ টাকা টিকিটে সিনেমাগুলো দেখা যাবে। প্রতিদিনের মতো কালও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনা মূল্যে উপভোগ করতে পারবেন।’