
অবশেষে পুরস্কার ঘোষণার পাঁচ মাস পর নোবেল পদক নিলেন বব ডিলান। গত শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে উপস্থিত হয়ে সুইডিশ একাডেমির কাছ থেকে তিনি এই পদক নেন। খুব শিগগির তিনি নোবেল বক্তৃতা করবেন বলে জানিয়েছেন। এ বছর জুনের মধ্যে বক্তৃতা না করলে শর্তানুযায়ী তিনি পুরস্কারের অর্থ পাবেন না। স্টকহোমে দুটি কনসার্টে অংশ নিচ্ছেন ডিলান।
বিভিন্ন সময় সাক্ষাৎকার ও নানা জায়গায় মজার সব উক্তি দিয়েছেন ডিলান। সেগুলো জড়ো করে একটি সংকলন করেছে এসকইয়ার নামে একটি মার্কিন ম্যাগাজিন। তারই কিছু অংশ রুশ ভার্সন থেকে অনুবাদ করে দেওয়া হলো।
* আমি যখন খবর দেখি, বুঝতে পারি, পৃথিবী চালাচ্ছে তারা, যারা কখনো গান শোনেনি।
* সবাই বলে, ডিলান কারও সঙ্গে কথা বলে না। একেবারেই মিথ্যা কথা। তাহলে আমি দর্শকের সামনে দাঁড়াই কেন?
* যখন আমি প্রথম এলভিসের কণ্ঠ শুনলাম, তখনই বুঝে গেলাম, আমি আর কারও জন্য কাজ করব না, আর কেউ আমার বস হবে না। আমি তাঁর গান শুনলাম এবং বুঝলাম, তিনি আমাকে কারাগার থেকে মুক্ত করলেন।
* আমি এখন যুবক নই। প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠি এবং নিজেকে যথেষ্ট সতেজ মনে করি, তখন ভাবি, ভালোই তো, সম্ভবত খুব শিগগির এলভিসের সঙ্গে আমার দেখা হচ্ছে না।
* মানুষ যা বিশ্বাস করে, অধিকাংশ সময়েই তা করে না। বেশির ভাগ সময়ই তারা তাৎক্ষণিকতাকে মূল্য দেয়, পরে তা নিয়ে আক্ষেপ করে।
* বারাক ওবামাকে আমার ভালো লাগে। তাঁকে কোনো বইয়ের চরিত্র বলে মনে হয়, কিন্তু তিনি বাস্তবেই আছেন।
* রাজনীতিবিদেরা সমস্যার সমাধান করার চেয়ে সমস্যার জন্মই দেন বেশি।
* নীতিকথা আর রাজনীতি—দুজন দুজনের কাছ থেকে অনেক দূরে অবস্থান করে।
* সাম্য নিয়ে কথা বলতে ঘৃণা করি। শুধু একটি বিষয়েই মানুষ সাম্যের দেখা পায়—কোনো না কোনো সময় তাকে মরতে হবে।
* খুঁজে দেখুন, আমি কখনোই কোনো রাজনৈতিক গান লিখিনি। কারণ আমি জানি, সংগীত পৃথিবীকে রক্ষা করতে পারে না।
* জীবনভর আমি মাত্র চারটি গান লিখেছি, আর তা লিখেছি লাখ লাখবার।
* আমার সম্পর্কে কিছু জানতে চাইলে আমার গান শুনুন। আমি তো নাট্যকার নই, তাই আমার গানের সব চরিত্রই আমি।
* বলা হয়ে থাকে, সংস্কৃতির জগৎটা রূপসী নারীতে ভরপুর। আমি বলব, কেউ যদি তাঁর জীবনে হাজার হাজার রূপসীর দেখা পেতে চান, তাহলে আইনজীবী, চিকিৎসক বা শখের গোয়েন্দা হোন।
* সংগীত হতে হবে তেমন, যেন তোমার মগজে ঢুকে যায়, প্রচণ্ড দাঁতের ব্যথা তোমাকে ছিঁড়েখুঁড়ে খাচ্ছে।