সংস্কৃতি সংবাদ

তনুশ্রী পদক পেলেন নাট্যকার ও নাট্যনির্দেশক রুমা মোদক

জাতীয় নাট্যশালায় রুমা মোদকের হাতে তনুশ্রী পদক তুলে দিচ্ছেন মামুনুর রশীদ l ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালায় রুমা মোদকের হাতে তনুশ্রী পদক তুলে দিচ্ছেন মামুনুর রশীদ l ছবি: প্রথম আলো

‘সৃজন ছন্দে, হৃদয়ানন্দে জাগে ধরিত্রী/মঞ্চালোকের পাদপ্রদীপে তুমি অনন্য তনুশ্রী...’নেপথ্যে কেউ একজন গানটি গাইছিলেন। প্রদীপ হাতে এক শিল্পী গানের সুরের সঙ্গে নৃত্যের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান অকালপ্রয়াত নাট্যকর্মী তনুশ্রীকে। আয়োজনটি ছিল তাঁর নামাঙ্কিত পদক বিতরণের৷
নাট্যধারা প্রবর্তিত ‘তনুশ্রী পদক ২০১৪’ পেলেন নাট্যকার ও নাট্যনির্দেশক রুমা মোদক। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ পদক প্রদান করা হয়। সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন নাট্যজন মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান অঞ্জন’স-এর নির্বাহী পরিচালক শাহিন আহমেদ। আয়োজক সংগঠনের প্রধান সম্পাদক মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অলক বসু।
পদক প্রদান ও আলোচনা শেষে নাট্যধারার ২২তম প্রযোজনা মলিয়েরের নাটক গররাজি কবিরাজ নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন আশীষ খন্দকার। অনুষ্ঠানের শুরুতেই নাট্যশালার করিডরে সংগীত পরিবেশনায় অংশ নেন দলের কর্মীরা।