প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের সঙ্গে একই দুর্ঘটনায় নিহত হয়েছেন ওয়াসিম, মুস্তাফিজ ও জামাল। এবার তাঁদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের বাসভবনে নিহতদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়। ওয়াসিম ও জামালের বিধবা স্ত্রী এবং মুস্তাফিজের বাবার হাতে এই অনুদান হস্তান্তর করেন অডিওভিশন ও শিল্পীমঙ্গলের পক্ষে নাসির উদ্দীন ইউসুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন অনুদান প্রক্রিয়ার সমন্বয়ক লেখক ও চলচ্চিত্রকর্মী প্রসূন রহমান।