বাউলসম্রাট শাহ আবদুল করিমের ৯৫তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের সংস্কৃতি-গবেষণা সংগঠন ‘শিকড়’ ও ‘সহজিয়া’ যৌথভাবে আলোচনা সভা ও বাউলসম্রাটের গানের আয়োজন করেছে। আয়োজক সূত্রে জানা গেছে, সিলেট নগরের পূর্ব শাহি ঈদগাহ এলাকায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ সন্ধ্যা সাতটায় আলোচনা সভা হবে। পরে বাউলসম্রাটের শিষ্য-বাউলদের পরিবেশনায় বাউলগানের আসরের মধ্য দিয়ে শাহ আবদুল করিমকে স্মরণ করা হবে। জন্মদিন উপলক্ষে গ্রামের বাড়িতে দোয়া মাহফিল ও ঘরোয়া পরিসরে বাউলগানের আসরের আয়োজন করা হয়েছে।