বিক্রি হলো জ্যাকসনের প্রামাণ্যচিত্র

বিস্মৃতির অতলে প্রায় হারিয়েই যেতে বসেছিলেন। নতুন করে ফিরে আসার ধনুর্ভঙ্গপণ করেছিলেন। প্রস্তুতি নিচ্ছিলেন নতুন বিশ্বসফরের। কিন্তু আকস্মিক মৃত্যুতে সব ওলট-পালট। মাইকেল জ্যাকসনের শেষ কয়েকটি বছর যেন কোনো ছবির চিত্রনাট্য। এই শেষের দিনগুলো নিয়ে একটি প্রামাণ্যচিত্র বানানো হয়েছে। মাইকেল: দ্য লাস্ট ফটো শুটস নামের ছবিটি এবার বিক্রি হলো কানে।
খ্যাতনামা আলোকচিত্রী ব্রুস ওয়েবসার ২০০৭ সালে জ্যাকসনের একটা ফটোশুট করেছিলেন ২৫ বছর পূর্তি উপলক্ষে থ্রিলার-এর পুনর্মুক্তির সময়। একই বছর ম্যাথু রোলস্টোনও ক্যামেরাবন্দী করেছিলেন। এসব ছবি, বেশ কিছু সাক্ষাৎকার থাকছে প্রামাণ্যচিত্রটিতে। থাকছে তাঁর জীবনের পর্দার পেছনের বিরল কিছু দৃশ্য। এপি।