তুমুল জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড বিটলস ভেঙে যাওয়ার পর এ যন্ত্রণা ভুলতে আকণ্ঠ মদে ডুবে থাকতেন বলে এই প্রথমবারের মতো স্বীকারোক্তি দিয়েছেন সাবেক বিটলস তারকা স্যার পল ম্যাকার্টনি।এ প্রসঙ্গে পল ম্যাকার্টনির উদ্ধৃতি দিয়ে ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, ‘বিটলস ভেঙে যাওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। এ ছাড়া একা একা ক্যারিয়ারের সঙ্গে খাপ খাওয়াতেও খুব কষ্ট হচ্ছিল। সব মিলিয়ে নিজের কাছ থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আর মদকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম।’ম্যাকার্টনি জানিয়েছেন, ‘মাত্রাতিরিক্ত মদ খাওয়ার খেসারতও দিতে হয়েছে আমাকে। প্রায় সময়ই নেশায় বুঁদ হয়ে থাকার কারণে গান লিখতে পারতাম না।’অ্যালকোহল আসক্তির কারণেই একপর্যায়ে ম্যাকার্টনির স্ত্রী-সন্তান তাঁকে ছেড়ে গিয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অ্যালকোহল আসক্তি এতটাই বাজে পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সন্তানসহ লিন্ডা আমাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল।’ম্যাকার্টনি বলেন, ‘একা হয়ে যাওয়ার পর আরও বেশি মদ্যপানে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। মন চাইলেই হুইস্কির বোতলে মুক্তির পথ হাতড়ে বেড়াতাম।’