এবার সম্ভবত বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর তকমাটা হটাতে যাচ্ছেন ‘দাবাং’ তারকা সালমান খান। রোমানিয়ান টিভি সঞ্চালক ও অভিনেত্রী ইলুলিয়া ভেঞ্চুরকে বিয়ে করতে যাচ্ছেন সালমান। সম্প্রতি এক খবরে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ভারতের মুম্বাই ভিত্তিক অনলাইন নিউজপোর্টাল মিড-ডে ডটকম। চলতি মাসের শুরুর দিকে ইলুলিয়া ও সালমানের সম্পর্কের খবর চাউর হয়েছিল। বিদেশ সফরে গিয়ে ইলুলিয়ার সঙ্গে সালমানের সাক্ষাত্ হয়েছিল বছর দুয়েক আগে। সেই থেকে তাঁরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এক বছর আগেই অভিসার শুরু করেছিলেন সালমান ও ইলুলিয়া। সে সময় যথেষ্ট গোপনীয়তা রক্ষা করে চললেও ইদানীং তাঁরা লুকোচুরির আশ্রয় না নিয়ে প্রকাশ্যেই মেলামেশা করছেন। এ মুহূর্তে পরবর্তী ছবির শুটিংয়ের কাজে ভারতের গোয়ায় অবস্থান করছেন সালমান। সেখানে তাঁকে সঙ্গ দিচ্ছেন স্বর্ণকেশী ইলুলিয়া। অনেকটা সময় তাঁরা একসঙ্গে কাটাচ্ছেন। এ প্রসঙ্গে সালমানের কাছের একটি সূত্র জানিয়েছে, ‘সালমান ভাই তাঁর নতুন প্রেমিকাকে নিয়ে খুবই সিরিয়াস। দুই বছর ধরে একে-অন্যকে চিনলেও এত দিন তাঁরা কাউকেই বিষয়টি জানতে দেননি।’ ওই সূত্রের বরাতে ‘মিড-ডে’ আরও জানায়, সালমানের জীবনে ইলুলিয়ার প্রভাব বেশ ভালোভাবেই আঁচ করতে পারছেন তাঁর কাছের মানুষজন। ইলুলিয়াকে বিয়ে করার জন্য তাঁকে পরামর্শ দিচ্ছেন সবাই। মনে মনে তিনিও ইলুলিয়াকে বিয়ে করার কথা ভাবছেন। এখন পর্যন্ত বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ না খুললেও শিগগিরই ইলুলিয়ার সঙ্গে প্রেমের ঘোষণা আসতে পারে সালমানের কাছ থেকে।