অভিনয় ও সংগীতশিল্পী শিমূল ইউসুফ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁর স্বামী নাসির উদ্দীন ইউসুফ জানান, গত শুক্রবার রাতে তাঁর নতুন ছবি গেরিলার শুটিং হচ্ছিল গুলশান ১ নম্বরের শহীদজননী জাহানারা ইমামের বাসায়। সেখান থেকে শিমূল ইউসুফ গাড়ি নিয়ে বাসায় ফিরছিলেন। রাত দেড়টা নাগাদ তেজগাঁওয়ে নতুন রাস্তার সংযোগ সড়কে একটি কাভার্ড ভ্যান পাশ থেকে গাড়িটিকে জোরে আঘাত করে। ফলে গাড়িটি পাশের ফুটপাতে উঠে পড়ে। এ ঘটনায় গাড়ির চালক ও শিমূল গুরুতর আহত হন। সেখান থেকে তাঁদের দ্রুত স্কয়ার হাসপাতালে আনা হয়। চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও শিমূল ইউসুফের আঘাত ছিল গুরুতর।চিকিৎসক সূত্রে জানা গেছে, শিমূল ইউসুফ মাথা, মুখ, পিঠ ও পায়ে আঘাত পেয়েছেন। তাঁর ঠোঁটে পাঁচটি সেলাই দিতে হয়েছে। গতকাল তাঁকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। নাসির উদ্দীন ইউসুফ বললেন, চিকিৎসকের পরামর্শে শিমূল ইউসুফ এখন বাসায় সম্পূর্ণ বিশ্রামে আছেন। ১৫ দিন তাঁকে এই বিশ্রামে থাকতে হবে।গেরিলা ছবির পোশাক পরিকল্পনা ও সংগীত পরিচালনা করছেন শিমূল ইউসুফ। নাসির উদ্দীন ইউসুফ জানান, ছবির গানের কাজ স্থগিত করা হয়েছে। শিমূল সুস্থ হওয়ার পরই তা করা হবে।