‘বত্সরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ’ স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজন করেছে ‘শুভ নববর্ষ ১৪২০’। এই আয়োজনে থাকছে সমবেত সংগীত, সমবেত নৃত্য, একক সংগীত, আবৃত্তি ও বাউলগান।শিল্পকলা একাডেমীর জনসংযোগ কর্মকর্তা এস এম সালাউদ্দিন জানিয়েছেন, আজ রোববার সন্ধ্যা ছয়টায় একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পুরো অনুষ্ঠানটি ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগ। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।