ভারতীয় শিল্পী এস কে শাহজাহানের একক প্রদর্শনী শুরু হয়েছে বেঙ্গল গ্যালারিতে। শনিবার সন্ধ্যায় ‘একের বহুত্ব’ নামের এই প্রদর্শনীর উদ্বোধন করেছেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। বেঙ্গল শিল্পালয় ও কলকাতার আকার প্রকার গ্যালারির যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ভারতের বিশিষ্ট চিত্রসমালোচক প্রণবরঞ্জন রায়।প্রদর্শনীতে আছে ৩৬টি চিত্রকর্ম ও দুটি ভাস্কর্য। তাঁর ছবিগুলো মূলত রেখাপ্রধান। এ রেখার সঙ্গে মিশে আছে কৌতুকবোধ। ক্যানভাসে তিনি সমাজে বিরাজমান নানা বিষয় কখনো প্রতীকে উপস্থাপিত করেন, আবার কখনো সরাসরি চিত্রিত করেন। প্রদর্শনী ২ মে পর্যন্ত চলবে।