যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে কবি মাইকেল মধুসূদন দত্তের ১৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলা শুক্রবার রাতে শেষ হয়েছে। মেলার শেষ দিনে মাইকেল মধুসূদন পদক-২০১১ প্রদান করা হয়। এবার এই পদক পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক। বাংলার লোকসাহিত্য: সমাজ ও সংস্কৃতি বইয়ের জন্য তাঁকে এ পদক দেওয়া হয়।সাগরদাঁড়ির মেঘনাদ মঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ-উল-আলম লেনিন। সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক নূরুল আমিন। বক্তৃতা করেন অসিত বরণ ঘোষ, মনিরুল ইসলাম, আবু তাহের সিদ্দিকী ও মতিউর রহমান। অনুষ্ঠানে অধ্যাপক মাহবুবুল হকের হাতে ৫০ হাজার টাকার চেক, সনদপত্র ও মাইকেল মধুসূদন পদক তুলে দেওয়া হয়। রাতে লালন একাডেমী, যশোর উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত পরিবেশন করে।