ছবি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিতে এসে একটি অনুরোধ রাখলেন নির্মাতা অনিমেষ আইচ। আগামী ৪ আগস্ট মুক্তি পাচ্ছে এই নির্মাতার দ্বিতীয় চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’। ছবিটি নিয়ে গতকাল বৃহস্পতিবার ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অনিমেষ বলেন, ‘ছবি মুক্তির সপ্তাহ দু–এক সবাইকে সমালোচনা না লেখার অনুরোধ করছি। আপনারা আগেই গল্পটা বলে দেবেন না। তাহলে যাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার পরিকল্পনা করবেন, তাঁরা হয়তো আর যাবেন না।’
গতকাল বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে আয়োজন করা হয় ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের। পরিচালকসহ এতে উপস্থিত ছিলেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম, খায়রুল আনাম সবুজ, আজাদ আবুল কালাম, তৌকীর আহমেদ, শহীদুল আলম সাচ্চু, নির্মাতা গাজী রাকায়েত, মোস্তফা সরয়ার ফারুকী, গিয়াসউদ্দিন সেলিম, গায়িকা মমতাজ, গীতিকার আসিফ ইকবাল, ছবিটির অভিনেত্রী ভাবনা, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান প্রমুখ।
এই ছবির মাধ্যমে ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষেক হচ্ছে ভাবনার। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। দর্শকসহ সবাইকে ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার অনুরোধ করেন তিনি। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত। আরও আছেন মামুনুর রশীদ, অ্যালেন শুভ্র প্রমুখ।