
আবারও নির্মিত হতে যাচ্ছে কঙ্গনা রনৌত অভিনীত জনপ্রিয় হিন্দি ছবি ‘কুইন’। এবার ছবির ভাষা হবে তামিল, আর তাতে কুইন হবেন তামিল নায়িকা তামান্না ভাটিয়া। হিন্দি ছবিতেও বেশ পরিচিত তিনি। ২০১৩ সালে অজয় দেবগনের নায়িকা হিসেবে ‘হিম্মতওয়ালা’ ছবিতে কাজ করে নজর কেড়েছিলেন এই অভিনেত্রী।
‘কুইন’-এ অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা। ছবিটির তামিল সংস্করণে অভিনয় করতে পারা নাকি তামান্নার কাছে স্বপ্নের মতো। তিনি বলেছেন, ‘যখন ছবিটি দেখেছিলাম, তখনই মনে হয়েছিল, ইশ যদি এতে অভিনয় করতে পারতাম! তখন তো আর জানতাম না যে, সত্যিই একদিন ‘কুইন’ ছবিতে অভিনয়ের সুযোগ পাব। আমার ইচ্ছে পূরণ হবে!’ এ ছবিতে কাজ করা নিয়ে তামান্নার আগ্রহের রয়েছে আরও কারণ। তিনি মনে করেন, এটি অন্যান্য সব নারীকেন্দ্রিক ছবি থেকে একদম আলাদা। ছবিটি মন ছুঁয়েছিল সব শ্রেণির দর্শকের। আর তাই ছবিটির তামিল সংস্করণে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছেন তিনি।
‘কুইন’ ছবির তামিল সংস্করণটি পরিচালনা করবেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রেবতী। ৯০-এর দশকে সালমান খানের সঙ্গে হিন্দি ছবি ‘লাভ’-এ অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। হিন্দি ছবিতে তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘টু স্টেট’ ছবিতে, আলিয়া ভাটের মায়ের চরিত্রে। রেবতীকে নিয়ে তামান্না বলেন, ‘তাঁর পরিচালনায় কাজ করতে পারব ভেবে আনন্দটা একটু বেশিই হচ্ছে।’ বলিউড লাইফ।