সংস্কৃতি সংবাদ

'দূরত্ব': বড়রাই যখন ছোট

দূরত্ব নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো
দূরত্ব নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

নাটকীয়তা দিয়েই নাটক শুরু। স্টুডিও থিয়েটারের সব আলো নিভে গেলে কে যেন দর্শকসারির পেছন থেকে আড়মোড়া ভাঙার শব্দ করে উঠল। আলোও জ্বলল পেছনে। নাটক শুরু সেখান থেকে। একজন মূকাভিনয় করে নানা বিষয় উপস্থাপন করতে করতে মঞ্চে এলেন।
এর আগে দর্শকদের স্বাগত জানালেন নির্দেশক দেবপ্রসাদ দেবনাথ। বললেন, ছোটদের জন্যই মূলত এ নাটক। নাটকটি শিশুদের জন্য হলেও শিশুরা অভিনয় করেনি। শিশুদের চরিত্রে অভিনয় করেছেন বড়রা। তিনি জানালেন, থিয়েটার সেন্টার ফর চিলড্রেন দূরত্ব নাটকটি নিয়ে ৩ এপ্রিল শ্রীলঙ্কায় যাচ্ছে। সেখানে নাটকটির দুটি মঞ্চায়ন হবে। তার আগে প্রস্তুতি হিসেবে আজ (বুধবার) প্রদর্শনী হচ্ছে। গতকাল বুধবার ছিল এর দশম প্রদর্শনী। এটি রচনা করেছেন জুনায়েদ ইউসুফ।
গ্রিপস একটি ভিন্নধর্মী নাট্যপদ্ধতি। এই নাট্যপদ্ধতির অন্যতম উদ্যোক্তা জার্মানির ফোলকার লুডভিগ। গ্রিপস পদ্ধতির নাট্যপ্রযোজনায় কোনো বিষয়, সমস্যা, পরিস্থিতি ইত্যাদির প্রতি সুনির্দিষ্টভাবে নির্দেশ করা হয়। কিন্তু সেই নির্দেশনা কোনোভাবেই বাহ্যত উপদেশাত্মক হয়ে ওঠে না। এমনি একটি গ্রিপস নাটক দূরত্ব, যেটি শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে থিয়েটার সেন্টার ফর চিলড্রেন মঞ্চায়ন করল।
ছয়-সাত বছরের সচ্ছল পরিবারের ছেলে রিকি আর বস্তিবাসী নয়-দশ বছর বয়সী কালার মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব নিয়েই নাটকটি।
বড়দের অভিনয় হলে একেবারেই ছোটদের মতো করে উপস্থাপন করলেন শিল্পীরা। ঠিক ছোটরা যেভাবে ঘুমাতে গেলে না ঘুমানোর বায়না ধরে, বাবার কাছে আবদার করে, ঘুড়ি ওড়ায়, লাটিম ঘুরায়, কানামাছি খেলে সে রকম। দর্শকও মজা পেল বেশ। সংখ্যায় কম হলেও দর্শক-তালিকায় রামেন্দু মজুমদার, কেরামত মাওলা, গোলাম কুদ্দুছ, আহমেদ গিয়াস, জাহিদ রিপনের মতো গুণী নাট্যজনদের দেখা গেছে।