মঙ্গলপ্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে সমাজকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সাংস্কৃতিক সংগঠন ‘পুনশ্চ যশোর’ তাদের প্রতিষ্ঠার পঞ্চম বছর শুরু করল। গতকাল শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে এক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে দেশ ও জনগণের মঙ্গল কামনা করে পঞ্চপ্রদীপ জ্বালানো হয়। যশোরের বিশিষ্ট নাগরিকেরা প্রদীপ প্রজ্বালন করেন।
অনুষ্ঠানে গত ১০০ বছরের ইতিহাসের বিভিন্ন সময়ে রচিত অনেকগুলো গণসংগীত পরিবেশন করা হয়। পরে সংগঠনের শিল্পীরা একক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে দর্শক মাতিয়ে তোলেন।
অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বালন করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, রাজনীতিক ও মুক্তিযোদ্ধা রবিউল আলম, সংগীত শিক্ষক অর্ধেন্দু ব্যানার্জি, যশোর থেকে প্রকাশিত গ্রামের কাগজ-এর সম্পাদক মবিনুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ।