হুমায়ূন আহমেদের উপন্যাস লীলাবতী নিয়ে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক। উপন্যাসের নামেই নাটকের নাম লীলাবতী। এখন নাটকটির কাজ হচ্ছে মানিকগঞ্জের প্রশিকার কাছে এক গ্রামে। এর নাট্যকার এবং পরিচালক অরুণ চৌধুরী জানান, চমত্কার এক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এখানে। নদী, খাল, নানা জাতের গাছ, বাড়ি, ধানক্ষেত আর রয়েছে অসংখ্য পাখি। তাই জায়গাটির সঙ্গে উপন্যাসের গল্প প্রায় মিলে গেছে।গ্রামীণ পটভূমিতে এবারই প্রথম ধারাবাহিক তৈরি করছেন অরুণ চৌধুরী। হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়ে ধারাবাহিক তৈরি প্রসঙ্গে তিনি বললেন, ‘আমি কাজের ফাঁকে ফাঁকে বছরখানেক ধরে তাঁর কয়েকটি উপন্যাস পড়েছি। সব কটির মধ্যে লীলাবতী আমার কাছে ভালো লেগেছে। আমি মনে করি, হুমায়ূন আহমেদের অনেক উপন্যাসের মধ্যে এটি একেবারে আলাদা।’ নাটকটির দৈর্ঘ্য হবে ৫২ পর্ব। এটি প্রচারিত হবে এটিএন বাংলায়। এখানে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, বিন্দু, শ্রাবস্তী তিন্নি, প্রভা, নোভা, আরেফিন শুভ প্রমুখ।