ক থো প ক থ ন

'শুটিংয়ের ফাঁকে আয়নার সামনে দাঁড়িয়ে রিহার্সাল করি'

সাঈদ বাবু
সাঈদ বাবু

সাঈদ বাবু। অভিনয় করছেন। কাজ করেছেন বিজ্ঞাপনচিত্রেও। চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ প্রচারিত হবে টেলিছবি নখ। এতে অভিনয় করেছেন তিনি।
যে কারণেনখ টেলিছবিটি ব্যতিক্রম...
টেলিছবিটির জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। লম্বা একটা সময় ধরে শুটিং হয়েছে। পরিচালক আশিক ভাই (আশিকুর রহমান) প্রি-প্রোডাকশনে প্রচুর কাজ করেছেন। গল্প ও লোকেশন নিয়ে অনেক ভেবেছেন। টেলিছবিটির কিছু দৃশ্যের জন্য আমাকে মারামারি করতে হয়েছে, উঁচু ভবনের সিঁড়ি বেয়ে কয়েকবার ওঠা-নামা করতে হয়েছে।

বিশ্বাস দিয়েছে আত্মবিশ্বাস...

বিবিসির বিশ্বাস ধারাবাহিকটি অবশ্যই আমার ক্যারিয়ারে একটা টার্নিং পয়েন্ট। যে কটা ভালো কাজ করেছি, এটা তার মধ্যে অন্যতম।

বড় পর্দার খবর...

আমি পুরোপুরি প্রস্তুত হয়েই চলচ্চিত্রে অভিনয় করতে চাই। নিজেকে সেভাবে তৈরি করছি।

কেউ জানে না...

শুটিংয়ের ফাঁকে আমি বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রিহার্সাল করি। কেউ যেন কোনোভাবেই বলতে না পারে, কাজের ক্ষেত্রে আমি আমার শতভাগ দিইনি। বাসায়ও সুযোগ পেলে আমি স্ক্রিপ্ট হাতে নিয়ে রিহার্সাল করি।

ক্রিকেট ছিল স্বপ্ন...

বাবা ফুটবলার ছিলেন বলেই হয়তো সব ধরনের খেলাতেই আমার আগ্রহ আছে। ক্রিকেটে একসময় ফার্স্ট ডিভিশনে খেলেছি, ভারতে গিয়েও টুর্নামেন্ট খেলেছি। চ্যাম্প নামের একটা ছবির জন্য বাংলাদেশ দলের বক্সিং কোচের কাছে পুরোদস্তুর বক্সিং প্রশিক্ষণ নিয়েছিলাম। ছবিটা শেষ পর্যন্ত মুক্তি পায়নি।

যা সব সময় মেনে চলি...

আমি ভীষণ সময় মেনে চলি। কিছুদিন আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য পরিচালক বেলা একটায় যেতে বলেন। আমি ঠিক দুপুর সাড়ে ১২টায়ই হাজির। তাঁরা তো অবাক! এসব ব্যাপারে আমি খুব খুঁতখুঁতে।

খেলা খেলা সারা বেলা...

এই নাটকটিও আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই নাটকে অভিনয়ের জন্য এবার মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে মনোনয়ন পেয়েছি। পুরস্কার না পেলেও আজাদ আবুল কালাম ও মোশাররফ করিমের সঙ্গে মনোনয়ন পেয়েছি—এটা অনেক বড় পাওয়া।

মঞ্চে আমি...

মঞ্চে তো বহুদিন ধরে কাজ করছি। আসছে সুবচন নাট্য সংসদের নতুন নাটক, সেখানে কাজ করব।

মো. সাইফুল্লাহ