
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্য ও সংগীতজগতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একজন পুরোদস্তুর সৃষ্টিশীল মানুষ।
তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে হলে নজরুলসহ এ ধরনের সৃষ্টিশীল গুণীজনদের কর্ম নিয়ে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি হারে কনটেন্ট তৈরি ও প্রচারিত হওয়া প্রয়োজন।
প্রতিমন্ত্রী সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে আদি গ্রামোফোন রেকর্ডে ধারণ করা নজরুলসংগীতের ইউটিউব চ্যানেল উদ্বোধন উপলক্ষে কবি নজরুল ইনস্টিটিউট আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ ও কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল।
আলোচনা করেন কথাসাহিত্যিক ও সাবেক সচিব মাসুদ আহমেদ। স্বাগত বক্তব্য দেন কবি নজরুল ইনস্টিটিউটের সচিব মো. রায়হান কাওছার। সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে দেশের খ্যাতিমান শিল্পীরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।