ধৈর্য আর ভালোবাসা দিয়ে চাষ করা...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জয়া আহসান, ফারহান আহমেদ জোভান, শামীমদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
অভিনয়শিল্পী জয়া আহসান তাঁর বাসার চারপাশে নানা জাতের ফল ও সবজি চাষ করেন। তিনি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজকের ফসল গোল্ডেন বেরি, রসালো টমেটো, মচমচে গাজর, রোসেলা এবং বাঁধাকপি—ধৈর্য আর ভালোবাসা দিয়ে চাষ করা।’
ছবি: ফেসবুক থেকে
গানের লাইনগুলো ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। তিনি ভাগাভাগি করেছেন, ‘ঘোড়া চলে আড়াই ঘরে/নৌকা চলে সোজা/কালো হাতি কালো ঘরে/সহজ পথটা খোঁজা/রাজা চলে খুব আয়াসে/মন্ত্রী রণ সাজে/ভালোবাসার চলছে দাবা/তোমার আমার মাঝে।’
‘জিনের বাদশা’ সিনেমার নায়িকা রঞ্জিতা কনা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ মার্চের ১১ তারিখ আমার সিনেমার জগতে প্রথম নায়ক বাপ্পারাজের জন্মদিন। আমরা সফল জুটি হিসেবে পরপর তিনটি হিট ছবির নায়ক–নায়িকা। সব অবদান রাজ্জাক চাচ্চুর। বাপ্পারাজ তোমার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’
অভিনেতা ফারহান আহমেদ জোভান ঈদের ‘মন ফড়িং’ নাটকের প্রচারণায় লিখেছেন, ‘যে ভালোবাসা প্রতিদান চায় না, সেই ভালোবাসাই একদিন হৃদয় জিতে নেয়।’
শামীম হাসান সরকার ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার নামে কোনো দিন বাজে নিউজ হলে এই ছবিটা ব্যবহার করা হয়! যেন আমাকে আমজনতার মনে খলনায়ক মনে হয়! কিন্তু আমজনতা আমাকে খলনায়ক ভাবেনি। বদনাম যত দূর পৌঁছায়, সুনাম তার অর্ধেক পথ অতিক্রম করে না। শুধু শুধু ছবিটাকে আমার কাছে ভয়ংকর বানিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাদের সবাইকেই! এই ছোট জীবনযাত্রায় ভালোবাসি সবাইকেই। ২০২৬ এ দারুণ কিছু হবে ইনশা আল্লাহ, যা কেউ ভাবেনি আগে।’