সম্মানসূচক পাম দ’র হাতে পিটার জ্যাকসন জানালেন, ২৫ বছর আগে কানই তাঁকে বাঁচিয়েছিল

লিজা উড ও পিটার জ্যাকসন। ছবি: এএফপি
লিজা উড ও পিটার জ্যাকসন। ছবি: এএফপি

গতকাল কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী রাতে দেখা গেল এক আবেগঘন মুহূর্ত। বিখ্যাত ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার খ্যাত অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা পিটার জ্যাকসন পেলেন সম্মানসূচক পাম দ’র পুরস্কার। আর এই সম্মাননা তাঁর হাতে তুলে দেন তাঁরই ‘দ্য লর্ড অব দ্য রিংস’ সিনেমার অভিনেতা এলিজা উড। সিনেমাটির ২৫ বছরের পুনর্মিলনী ও সেরা অর্জনের এই রাতে স্মৃতিচারণায় পিটার জ্যাকসন মঞ্চে জানান, ২৫ বছর আগে কানই তাঁকে বাঁচিয়েছিল।

উডের কাছ থেকে পুরস্কার গ্রহণের পরে পিটার জ্যাকসন তুলে ধরেন কান চলচ্চিত্র উৎসবের অবদানের কথা। যা তাঁর ক্যারিয়ারকে বড় ধরনের ঝুঁকির হাত থেকে বাঁচিয়েছিল। বক্তব্যে জ্যাকসন জানান, তিনি একসঙ্গে ‘দ্য লর্ড অব দ্য রিংস’ সিনেমার তিন কিস্তির শুটিং শেষ করেছেন। এ জন্য তিন বছর সময় লাগে।

সংবাদ সম্মেলনে বিচারকেরা এবারের উৎসব নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান। ছবি: সৌরভ দাশ

পিটার জ্যাকসন বলেন, ‘তিনটি চলচ্চিত্র একসঙ্গে নির্মাণ করার কারণে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছিল। সেই সময় প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস তাদের মালিকানা নিয়ে অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন সবাই ভেবেছিলেন আমাদের সিনেমার ভবিষৎ নেই। গণমাধ্যমে অনেকে সরাসরি বলেছিলেন প্রকল্পটি ব্যর্থ হবে। নেতিবাচক মন্তব্যে ছেয়ে গিয়েছিল।’

মঙ্গলবার উৎসবে আলো ছড়িয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট। ছবি: সৌরভ দাশ

সেই সময় কীভাবে কান উৎসবে এসে সিনেমা ভাগ্যের পরিবর্তন হয়, সে কথা শোনার জন্য তখন দর্শক সারিতে সমালোচকেরা অপেক্ষা করছেন। তাই কিছুটা বিরতি নিয়ে অস্কারজয়ী এই পরিচালক বলেন, ‘সবদিক থেকেই তখন আমার সিনেমা নিয়ে নেতিবাচক খবর। এই খবরে একটি সিনেমা যদি ব্যর্থ হয় তাহলে পরবর্তী সিনেমাগুলো নিয়েও আমাদের বিপাকে পড়তে হতো। পরে ২০০১ সালে কান উৎসবে এসে আমার সিনেমার ২০ মিনিটের ফুটেজ প্রদর্শন করি। তার পর থেকেই সিনেমাটি নিয়ে গণমাধ্যম ও দর্শকের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। সবাই সিনেমাটির ২০ মিনিটের ফুজেট দেখে প্রশংসা করে খবর প্রকাশ করে। কান না থাকলে ছবিটি মুক্তির আগেই এমন প্রত্যাশা তৈরি হতো না।’ পরে সিনেমাটি চারটি শাখায় অস্কার পুরস্কার পায়।

উদ্বোধনী দিনে পোশাক ডিজাইনার ও টেলিভিশন ব্যক্তিত্ব কিম্বার্লি গার্নার। ছবি: সৌরভ দাশ

পিটার জ্যাকসনকে সম্মানসূচক পাম দ’র তুলে দেওয়া এলিজা উড সেদিনের স্মৃতিস্মরণা করে বলেন, ‘মাত্র ১৮ বছর বয়সে অডিশনের জন্য বন্ধুদের নিয়ে একটি জঙ্গলে গিয়েছিলাম। একটি ভিডিও ধারণ করে পাঠিয়েছিলাম। পরে জানতে পারি, আমিই ফ্রোডো ব্যাগিন্স চরিত্রে নির্বাচিত হয়েছি। আমি বুঝেছিলাম, আমার জীবন তখন থেকে দুই ভাগে বিভক্ত হয়ে গেল—এর আগে এবং এর পরে। আমার জীবনটাই বদলে দেন পিটার জ্যাকসন।’

গতকাল শুরু হওয়া ৭৯তম কান চলচ্চিত্র উৎসব শেষ হবে ২৩ মে। উল্লেখ্য, এর আগে কান উৎসব থেকে সম্মানসূচক পাম দ’র পুরস্কার পেয়েছেন জোডি ফস্টার, মেরিল স্ট্রিপ, রবার্ট ডি নিরো, টম ক্রুজসহ অনেকে।