‘মার্কা লাগে না, ঘরের নেত্রী বলে কথা’

সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনয়শিল্পী ও গায়ক–গায়িকারা। ভোট দেওয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নাগরিক দায়িত্ব পালনের বার্তাও দিয়েছেন তাঁরা। কে, কোথায় ভোট দিলেন, আর ভোট দিয়ে কী লিখলেন—তারকাদের সেই অংশগ্রহণ ও প্রতিক্রিয়া দেখে নিতে পারেন ছবিতে...
দুপুরের দিকে ভোট দিয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তিনি ভোট দিয়ে লিখেছেন, ‘নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন শেষ করেছি...একটি আরও ভালো বাংলাদেশের প্রত্যাশায়, আপনি আপনার ভোট দিয়েছেন?’
ছবি: ফেসবুক থেকে
অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী ভোট দিয়ে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ১৭ বছর পর সুন্দর ও স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ভোট দিলাম।’
ভোট দিয়েছেন কি না, সে কথা উল্লেখ না করলেও ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী জান্নাতুল হিমি লিখেছেন, ‘যোগ্য নেত্রী হারালে, কাঁদতে হবে আড়ালে!’ সেখানে নিলয় আলমগীর লিখেছেন, ‘মার্কাটা কী?’ তাঁর উত্তরে হিমি লিখেছেন, ‘মার্কা লাগে না, ঘরের নেত্রী বলে কথা।’
বাবার সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন অভিনেতা শামীম হাসান সরকার। এটা বাবা–ছেলের দুজনের প্রথম ভোট। ছবিটি পোস্ট করে শামীম লিখেছেন, ‘আব্বুর সঙ্গে ভোট দিলাম। আমাদের দুজনেরই জীবনের প্রথম ভোট। জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্যে। দেশ ভালো চলুক নূতন নেতৃত্বে।’
কোথায় ভোট দিয়েছেন অভিনেত্রী শাহানা সুমী? সেটা না লিখলেও কোথায় ভোট দেননি, সেটা ফেসবুকে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি ভোট দিয়ে লিখেছেন, ‘গণভোটে না।। জামায়াত জোটে না।’