
অক্টোবরের ১১ তারিখে ৭৫ বছর পূর্ণ করবেন অমিতাভ বচ্চন। গত চার বছর জন্মদিন একেবারে সাদামাটাভাবে উদ্যাপন করেছেন। তবে এবার তাঁর জন্মদিন ছেলেমেয়েরা পরিকল্পনা করেছেন জাঁকজমকভাবে উদ্যাপনের। হীরকজয়ন্তী বলে কথা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে শ্বেতা বচ্চন মিলে ‘বিগ বি’-এর জন্মদিনে এক বিশাল পার্টির আয়োজন করবেন। আয়োজন বড় বলে এক মাস আগে থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন তাঁরা।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হচ্ছে, অমিতাভের বাড়ি জলসায় নয়, জন্মদিনের আয়োজন হবে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে। সেখানে একটি তিনতলা স্টুডিও ভাড়া করে পার্টির আয়োজন করা হবে। থাকবে লাইভ পারফরম্যান্স ও নৈশভোজের ব্যবস্থাও। হাতে তৈরি কার্ডে আমন্ত্রিত অতিথিদের নাম লেখা থাকবে টেবিলের ওপর। নির্ধারিত আসনে অতিথিরা বসে নৈশভোজ সারবেন। এ ছাড়া থাকছে আরও অনেক চমক। তবে পরিবারের সদস্যরা সব পরিকল্পনা এখনই খোলাসা করতে নারাজ। সব বলে দিলে আর চমক থাকল কোথায়?
২০১২ সালে অমিতাভ বচ্চনের ৭০তম জন্মদিন বেশ আড়ম্বরপূর্ণ পরিবেশে উদ্যাপিত হয়েছিল। গুঞ্জন শোনা যাচ্ছে, এবারের আয়োজন নাকি সেটিকেও ছাড়িয়ে যাবে। প্রতিবারের মতো এবারও জন্মদিনের সকালে অমিতাভ বাড়ির বাইরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
অমিতাভ এখন উমেশ শুক্লার ‘১০২ নট আউট’ ছবির কাজ করছেন। বিজয় কৃষ্ণ আচার্যের ‘থাগস অব হিন্দোস্তান’ ছবির কিছু কাজও বাকি আছে। হাতের কাজ শেষ হলেই তিনি মারাঠি পরিচালক নাগরাজ মঞ্জুলির একটি হিন্দি ছবির কাজ শুরু করবেন। এ ছবিতে অমিতাভকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। তথ্য সূত্র: ইন্ডিয়া টুডে।